ঠাকুরগাঁওয়ে চিকিৎসাবর্জ্য

হাসপাতাল-ক্লিনিককে আইন মানতে বাধ্য করুন

দেশে সিটি করপোরেশন ও পৌর শহরগুলোতে এখনো পরিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। অন্য শহরগুলো এ ব্যাপারে আরও পিছিয়ে আছে, তাতে কোনো সন্দেহ নেই। এর ফলে নদী-খাল-বিল-কৃষিজমি দূষিত হচ্ছে। সর্বোপরি পরিবেশের ক্ষতি হচ্ছে। আর চিকিৎসাবর্জ্যের কারণে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যেহেতু এর সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়ও জড়িত। সরকারি অনেক হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার যথেষ্ট ঘাটতি আছে। অনেক বেসরকারি হাসপাতাল-ক্লিনিক খরচ বাঁচানোর জন্য সেটি একেবারেই করে না। তাহলে এসব চিকিৎসাবর্জ্য কোথায় যায়? এর একটি চিত্র পাওয়া যায় ঠাকুরগাঁও জেলা শহরে। ব্যবহৃত চিকিৎসাসামগ্রী ধ্বংস না করে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। 

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, জেলায় জেনারেল হাসপাতাল, মা ও শিশুমঙ্গল কেন্দ্র এবং চারটি উপজেলায় একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এ ছাড়া ৭৯টি বেসরকারি ক্লিনিক ও ১০২টি রোগনির্ণয় কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিনই বিপুল পরিমাণ চিকিৎসাবর্জ্য জমে। কিন্তু বেশির ভাগ হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে বর্জ্য ব্যবস্থাপনা বেশ দুর্বল। এমনকি হাসপাতালের পুনর্ব্যবহারযোগ্য ও পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, যেমন ব্যবহৃত কাচের বোতল, সিরিঞ্জ, স্যালাইনের ব্যাগ ও প্লাস্টিকের নল, সিরিঞ্জ, ব্লেড, ছুরি, কাঁচি, রক্তের ব্যাগ ও নল, ধাতব উপকরণের মতো বর্জ্য নষ্ট বা ধ্বংস না করে সেগুলো বর্জ্য সংগ্রহকারীর কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। সেসব বর্জ্য নানা হাত ঘুরে পরিষ্কার ও প্যাকেটজাত করে ওষুধের দোকান, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চলে যাচ্ছে।

এতে যাঁরা বর্জ্য সংগ্রহ করছেন মানে ফেরিওয়ালা, ভাঙারি দোকান ও ফার্মেসির কর্মী বা দোকানদার স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তবে সবচেয়ে ঝুঁকিতে পড়ছেন যাঁরা এসব সামগ্রী ব্যবহার করছেন। এইডসসহ নানা সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে মানুষ। তা ছাড়া অস্ত্রোপচারের রোগীদের ভোগান্তি তো আছেই। এখানে ক্রেতারা প্রতারণার শিকারও হচ্ছেন। নতুন পণ্যের দামে ব্যবহৃত পণ্য গছিয়ে দিলেও সেটা বোঝার সুযোগ নেই। 

চিকিৎসাবর্জ্য বিধিমালা ২০০৮ অনুযায়ী, এমন কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর ভাঙারির দোকানে গিয়ে সতর্ক করে দিয়েছে প্রশাসন। আমরা মনে করি, আইন অমান্যকারী হাসপাতাল-ক্লিনিকগুলোর ব্যাপারে বরং প্রশাসনের কঠোর হওয়া উচিত। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নুর নেওয়াজ বলেন, ‘হাসপাতাল-ক্লিনিক কর্তৃপক্ষকে এ–সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে। না মানলে তাদের পরামর্শ দেওয়া হবে। তারপরও না মানলে ব্যবস্থা নেওয়া হবে।’ তাঁর কথার প্রতিফলন দেখব, আমরা সে ব্যাপারে আশাবাদী হতে চাই।