
একই দিনের পত্রিকায় দুটি বিপরীতমুখী খবর। জ্বালানি ও খাদ্যপণ্যের দাম এক বছর আগের অবস্থায় ফিরছে। অর্থাৎ গত এক বছরে এসব পণ্যের দাম যে বেড়ে চলছিল, তা এখন কমতির দিকে। এটা ছিল বৈশ্বিক প্রেক্ষাপট। আর বাংলাদেশের খবর হলো নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে ভোগ্যপণ্যের দাম এখনো ঊর্ধ্বমুখী। ফলে টিসিবির দোকান ও ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের সারি বাড়ছেই।
১২ ডিসেম্বর কড়াইল বস্তি এলাকায় ওএমএসের চাল নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোয়। বস্তিতে ৪০ হাজার পরিবারে দেড় লাখ মানুষ বাস করে, যারা সবাই দরিদ্র শ্রেণির। নারীরা প্রতিদিন টিসিবির ট্রাকের সামনে চাল ও আটার জন্য লাইন দিলেও সবাই পান না। অনেককে খালি হাতে ফিরে যেতে হয়। আবার গরিব পরিবারের সবাই শ্রমজীবী হওয়ায় তাঁরা সব সময় লাইনেও দাঁড়াতে পারেন না। এ চিত্র কেবল কড়াইল বস্তির নয়। মিরপুরসহ অন্যান্য এলাকায়ও অনেকে টিসিবির চাল ও আটা থেকে বঞ্চিত।
খোলাবাজারে ভরা মৌসুমে চালের দাম না কমা রহস্যজনক। এতে যে একশ্রেণির মিলমালিক ও ব্যবসায়ীদের কারসাজি আছে, সে কথা সরকারের নীতিনির্ধারকেরাও স্বীকার করেছেন। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা কেউ বাঁধতে পারেননি। এই মিলমালিকদের কেউ কেউ চাল আমদানির ব্যবসাও করেন। শুল্ক কমিয়ে সরকার যখন চাল আমদানির সুযোগ দেয়, সেখানেও ভাগ বসান তাঁরা। মাঝখানে ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হয়।
টিসিবির দোকান ও ট্রাকের সামনে দীর্ঘ লাইনের কারণ হলো মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের অসংগতি। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপির) গত ২২ নভেম্বর বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও বিপন্নতা নিয়ে যে প্রতিবেদন বের করেছিল, তাতে দেখা যায়, ৩৭ শতাংশ মানুষের আয় কমেছে। আয় কমার কারণ কেউ চাকরি হারিয়েছেন, কেউ কাজ পাচ্ছেন না। আবার পণ্যের দাম বেড়ে যাওয়ায় আগের আয় দিয়ে চাহিদামতো খাবারও কিনতে পারছেন না। অনেক মধ্যবিত্ত পরিবার সঞ্চয় ভেঙে খাচ্ছে বলেও খবর এসেছে। অবশ্য যাঁরা ধনী, তাঁদের কথা আলাদা।
গত অক্টোবর থেকে নভেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। উদ্বেগের বিষয় হলো আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম কমালেও তার প্রভাব বাংলাদেশে এখনো পড়েনি। এর একটি কারণ ডলারের মূল্যবৃদ্ধি। আমরা এখন কম আমদানি করেই পরিস্থিতি সামাল দিচ্ছি। এটা সাময়িক সুবিধা দিলেও দীর্ঘ মেয়াদে সমস্যা তৈরি করতে পারে বলে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সাবধান করে দিয়েছেন। চাহিদার চেয়ে আমদানি কম হলে বাজারে দাম বাড়বেই।
এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী। প্রথমত, গরিব মানুষের জন্য স্বল্প দামে খাদ্যপণ্যের সরবরাহ বাড়ানো। দ্বিতীয়ত, বাজার তদারকির কাজ জোরদার করা। বিশ্ববাজারে দাম কমলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস হলো আগামী কয়েক প্রান্তিকে ফের খাদ্যপণ্যের দাম বাড়তে পারে। তাই স্বস্তি লাভের কোনো সুযোগ নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বাজার যে অস্থিতিশীল হয়ে উঠেছিল, সেই যুদ্ধ শিগগিরই বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। এ অবস্থায় ভালো পরিস্থিতির প্রত্যাশার পাশাপাশি খারাপ পরিস্থিতির মোকাবিলার দীর্ঘমেয়াদি প্রস্তুতিটাও নিয়ে রাখতে হবে।