সম্পাদকীয়
সম্পাদকীয়

চাল-গম বিতরণ কমেছে

সরকারকে খাদ্যসহায়তা বাড়াতে হবে

দেশে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। মূল্যস্ফীতির তুলনায় আয় ও মজুরি না বাড়ায় বিপুলসংখ্যক মানুষের প্রকৃত আয় কমে গেছে। উপরন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। দারিদ্র্যের হার উদ্বেগজনকভাবে বেড়েছে এবং তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতায় চাল-গমের মতো খাদ্যশস্যের যথেষ্ট মজুত থাকার পরও বিতরণ কমার খবরটি শুধু উদ্বেগজনকও নয়, সরকারের নীতিগত অগ্রাধিকার আসলে কী, তা নিয়ে প্রশ্ন তোলে।

খাদ্য মন্ত্রণালয়ের বরাতে প্রথম আলোর খবর জানাচ্ছে, সরকারের হাতে এখন চাল ও গম মজুত আছে ২১ লাখ টনের কিছু বেশি। এর মধ্যে প্রায় ১৮ লাখ টন চাল ও ৩ লাখ টন গম। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ২০২৪ সালের জুনে খাদ্য মজুত ছিল ১৪ লাখ ৭০ হাজার টন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে খাদ্যশস্যের মজুতের পরিমাণ ছিল প্রায় ২০ লাখ টন।

চাল ও গমের মজুত ২১ লাখ টনের বেশি থাকা যেকোনো বিচারেই সন্তোষজনক। কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে খাদ্যশস্য বিতরণ হয়েছে ১১ লাখ ৪ হাজার টন। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৬৭ হাজার টন কম। এর মধ্যে ওএমএস কর্মসূচিতে চাল ও আটা বরাদ্দ কমেছে ২৬ শতাংশ। অথচ মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। বিনিয়োগে প্রবৃদ্ধি না আসায় কর্মসংস্থান বাড়েনি। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, চার বছরে দেশে নতুন করে ৮০ লাখ মানুষ দরিদ্র হয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে, দেশে ৬ কোটি ২০ লাখ মানুষ এতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে যে এক ধাক্কায় তারা দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে।

এমন বাস্তবতায় সরকারি খাদ্য বিতরণ কমে যাওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। সরকারের গুদামে খাদ্যশস্য মজুত রাখার উদ্দেশ্য শুধু জরুরি পরিস্থিতি মোকাবিলা নয়; সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোও। খাদ্যের মজুত সন্তোষজনক হওয়া অবশ্যই স্বস্তির বিষয়। কিন্তু সেই খাদ্য মানুষের কাজে না লাগলে মজুতের অর্থ কী?

ওএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করা হয়। বাজারদরের তুলনায় এতে নিম্ন আয়ের মানুষের উল্লেখযোগ্য সাশ্রয় হয়। কিন্তু এ কর্মসূচির পরিসর বাড়ানোর বদলে বরাদ্দ কমেছে। অন্যদিকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি বন্ধ রয়েছে প্রায় ছয় মাস। টিসিবির স্মার্ট কার্ডধারীরা কিছু পণ্য পেলেও চাল ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ হচ্ছে না।

খাদ্য অধিদপ্তর বলছে, অর্থবছরের প্রথম চার মাসে টিসিবির জন্য চাল বরাদ্দ না থাকায় বিতরণ কমেছে। অথচ দরিদ্র মানুষকে সহায়তা করা ও মানুষ যাতে নতুন করে দরিদ্র না হয়, তার জন্য আরও বেশি করে খাদ্যসহায়তা দেওয়া প্রয়োজন ছিল। সংকটকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটি একটি নীতিগত ব্যর্থতা।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা পান ৫৫ লাখ মানুষ। কিন্তু যাঁদের কার্ড নেই, তাঁদের জন্য ওএমএসই বড় ভরসা। তাই কার্ডের বাইরে থাকা দরিদ্র ও নতুন করে সংকটে পড়া পরিবারগুলোর কাছে খাদ্যসহায়তা পৌঁছানো জরুরি। অর্থনীতিবিদ সেলিম রায়হান যথার্থই বলেছেন, সংকটের সময় দরিদ্র মানুষ খাবারের ব্যয় কমাতে গিয়ে এক বেলা না খেয়ে থাকেন কিংবা আধপেটা খান। এ পরিস্থিতিতে খাদ্য বিতরণের বিকল্প নেই। খাদ্যনিরাপত্তা নিশ্চিতে ও দারিদ্র্য কমাতে প্রয়োজন সামাজিক সুরক্ষার কার্যকর ও বিস্তৃত কর্মসূচি।