চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মেয়ে মহুয়া রউফ নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন। এমন একটা সচিত্র খবর বেরিয়েছে প্রথম আলোয়। খবরে তাঁকে কথা বলতে দেখা যাচ্ছে আর স্কুলশিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় গুণীজনদের দেখা যায় মনোযোগ দিয়ে মহুয়ার গল্প শুনতে।
মহুয়া বলছিলেন, তাঁর ইচ্ছা ছিল পৃথিবীর সর্বদক্ষিণের শেষ শহর আর্জেন্টিনার উসুয়াইয়ায় যাওয়ার। সে শহরের পর আর মাটি নেই। কেবল পানি। পরে সেখান থেকে অ্যান্টার্কটিকা পাড়ি দেন। কখনো জাহাজে, কখনো নৌকায় করে ঘুরে বেড়িয়েছেন তিনি। পাড়ি দিয়েছেন সাগর, উপসাগর।
মহুয়া রউফকে অভিনন্দন। তিনি পরিব্রাজক হয়ে অ্যান্টার্কটিকায় গেছেন। অদম্য ইচ্ছা ও অনুকূল পরিবেশ পেলে বাংলাদেশের নারীরা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন—এ কথা বারবার প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছেলেদের ছাড়িয়ে গেছে—এই খবর নতুন নয়।
এর বাইরেও প্রায় সর্বক্ষেত্রেই তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। যেমন বাংলাদেশের নারী কিশোয়ার চৌধুরী মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছেছিলেন। প্রয়াত কৃষিবিজ্ঞানী তমাল লতা আদিত্য ১৫টি ধানের জাত উদ্ভাবন করেছিলেন। আমাদের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী বা সেঁজুতি সাহা, আমাদের হিমালয় জেতা নিশাত মজুমদার কিংবা সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করা ওয়াসফিয়া নাজরীন, ভারোত্তোলক মার্জিয়া, ফুটবল আর ক্রিকেটের অদম্য খেলোয়াড়েরা দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা মেয়েশিশুদের জন্য আলোর দিশারি।
দুঃখজনক হলেও সত্য, বড়সংখ্যক মেয়েশিশুকে আমরা এই সুযোগ দিতে পারিনি। কারণ, বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান এশিয়ায় শীর্ষে। অথচ আমাদের সরকারপ্রধান যুক্তরাজ্যের গার্ল সামিটে অঙ্গীকার করেছিলেন, ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে মেয়েশিশুদের বিয়ে বন্ধ করবেন আর ১৫ থেকে ১৮ বছরের মধ্যে বিয়ের হার এক-তৃতীয়াংশ পর্যন্ত কমিয়ে আনবেন। কিন্তু বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি, ২০২৩ প্রতিবেদনের তথ্য হলো, বাংলাদেশে ১৮ বছর বয়সের আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান এশিয়ায় শীর্ষে।
একসময় ফুটবল মাঠ মাতিয়ে রাখত যে মেয়েরা, তাদের অনেকেই এখন সংসার ঠেলে। লেখাপড়া, খেলাধুলা ছেড়ে ১৮ বছরের আগেই তাদের বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। তারা না পারছে স্কুলে ফিরতে, না পারছে বল পায়ে ছুটতে। কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না এই মেয়েদের।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ উঠলে অনেককেই বলতে শোনা যায়, দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী—তিনজনই নারী। ক্ষমতায়নের এমন দৃষ্টান্ত আর দেখা যায় না। এমন একটা দেশে কেন বাল্যবিবাহ ঠেকানো যাচ্ছে না, তার কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায় না কারও কাছ থেকে।
মেয়েরা যদি একটু সমর্থন পেত, শুধু অ্যান্টার্কটিকা কেন, তারা হয়তো মহাকাশ গবেষণায় যুক্ত হতে পারত। বাল্যবিবাহের কারণে কত কত পরিব্রাজক, কত বিজ্ঞানী, কত খেলোয়াড় আমরা হারালাম। ভেবে দেখুন, উদ্যোগ নিন।