পর্যটন নগরী কক্সবাজারকে পরিকল্পিতভাবে সাজাতে ছয় বছর আগে গঠন করা হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। টানা ছয় বছর কউক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ। গত ২৩ আগস্ট তিন বছর মেয়াদের জন্য কউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার। কক্সবাজারের সার্বিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে।

আপনার শৈশব কেটেছে কক্সবাজারে। ওই সময়ের কক্সবাজার সম্পর্কে যদি কিছু বলেন...
মোহাম্মদ নুরুল আবছার: তখন তো কক্সবাজার এত উন্নত ছিল না। হোটেল বা বাণিজ্যিক স্থাপনা বলতে ছিল হোটেল সায়মন আর সি বিচটা, ডিসি হিল থেকে সোজা পশ্চিমে ছিল সুন্দর সি বিচ। সমুদ্রসৈকতটা ছিল স্বচ্ছ ও বালুকাময়। উপকূলজুড়ে থাকা সাগরলতার বেগুনি ফুলগুলো দেখতে দারুণ লাগত। সৈকতজুড়ে ছিল লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ। এখন অনেক কিছুই বদলে গেছে। অনেক পর্যটক সৈকত ভ্রমণে আসেন, তাই থাকার জন্য অনেক স্থাপনা হয়েছে। দূষণটা বেশি হচ্ছে।
তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন। কক্সবাজারের সার্বিক উন্নয়নে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কী ভাবছেন?
মোহাম্মদ নুরুল আবছার: আমার প্রথম কাজ হবে চলমান কাজগুলো দ্রুত শেষ করা। যেমন প্রধান সড়কের চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করা, আবাসন প্রকল্পের কাজ শেষ করা। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের যত্ন নিলে সুন্দর কক্সবাজার গড়ে তুলতে পারব। দেশের এমন কোনো জেলার লোক নেই, যাঁরা কক্সবাজারে আসেন না। তাই সৈকতটা পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হবে। শ্রীলঙ্কা ও মালদ্বীপে দেখেছি, সবাই বাসার আশপাশটা নিজেরাই পরিষ্কার রাখে। আমরাও সে পথ অনুসরণ করতে পারি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কক্সবাজার শহরের যেন ক্ষতি না হয়, সে দিকে খেয়াল রেখে প্রকল্প নেওয়া হবে।
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের ৯০ শতাংশ এলাকা অরক্ষিত পড়ে আছে। দখল হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। সৈকত সুরক্ষার দায়িত্ব কউকের ওপর। এসব নিয়ে কী ভাবছেন?
মোহাম্মদ নুরুল আবছার: মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারকে পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা থাকবে। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে করণীয় ও পরামর্শ নেওয়া হবে।
কক্সবাজারের পাহাড় নিধন বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে। ভবন কিংবা ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে কউকের নকশা অনুমোদন বাধ্যতামূলক। এরপরও শত শত ভবন হচ্ছে অবৈধভাবে। এসব বন্ধ করবেন কীভাবে?
মোহাম্মদ নুরুল আবছার: হঠাৎ এসব স্থাপনা কিংবা ঘরবাড়ি তৈরি হয়নি। ছয় বছর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে, আইন-বিধিমালা হয়েছে, আইনের প্রয়োগ হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে। তবে পাহাড়ে যেসব গরিব, ভাসমান লোকজন বসবাস করছেন, তাঁদের মাথা গোঁজার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করাটাও অমানবিক হবে। যদি পাহাড় কেটে বাণিজ্যিক স্থাপনা তৈরি হয়, তা যদি পরিবেশের ক্ষতি করে, সে ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব।
এত বছর পর কক্সবাজারে ফিরে এলেন। কক্সবাজারবাসীর উদ্দেশে কিছু বলার আছে?
মোহাম্মদ নুরুল আবছার: আমার স্কুলজীবন শুরু কক্সবাজার থেকে। এরপর সুদীর্ঘ ৩৯ বছর নৌবাহিনীতে ছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলাম, সেখান থেকে শেষ বয়সে আবার ফিরে এলাম জন্মভূমিতে। এখন আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। কক্সবাজারে দৃশ্যমান একটা পরিবর্তন আনতে চাই। একটি আইকনিক সিটিতে রূপান্তর করতে চাই, যা দেখে মানুষ আমাকে স্মরণ করবেন, মনে রাখবেন।