প্রথম আলোর সঙ্গে আফগান নারী সাংবাদিকের সাক্ষাৎকার

তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে

জাহরা নাদের একজন আফগান সাংবাদিক। একসময় আফগানিস্তানে দ্য নিউইয়র্ক টাইমস–এর হয়ে কাজ করেছেন। বর্তমানে কানাডায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সেখান থেকে চালাচ্ছেন অনলাইন সংবাদমাধ্যম জান টাইমস। আফগানিস্তানের অন্যতম সরকারি ভাষা দারিতে ‘জান’ মানে নারী। মনজুরুল ইসলামকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তাঁর সাংবাদিকতায় আসার গল্প, তালেবান শাসনে আফগান নারীদের জীবন এবং এত কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁর আশাবাদের কথা। থাইল্যান্ডের চিয়াংমাইয়ে কনরাড অ্যাডেনাউয়ার স্টিফটুংয়ের (কাস) মিডিয়া প্রোগ্রাম এশিয়ার ৩০তম বার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে ৬ নভেম্বর প্রথম আলোর জন্য সাক্ষাৎকারটি নেওয়া হয়।

প্রশ্ন

বর্তমান আফগানিস্তান নিয়ে কথা বলার আগে আপনার শৈশব সম্পর্কে একটু জানতে চাই।

জাহরা নাদের: তালেবান প্রথমবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে আমাদের পরিবার ইরানে পালিয়ে যায়। আমার বয়স তখন ছয় বছর। ইরানে আফগান শরণার্থীদের প্রতি অনেক বর্ণবিদ্বেষ ছিল। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমাকে স্কুলে যেতে দেওয়া হয়নি বলে। সেই অভিজ্ঞতা আমার মনে গভীর ট্রমা তৈরি করেছে। এত বছর পরও ভুলতে পারিনি, কী অবস্থার মধ্য দিয়ে গেছি।

দীর্ঘদিন আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল শুধু স্কুলে যেতে পারা। সে জন্য আজ আফগানিস্তানে যা হচ্ছে, তা আমার নিজের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার কষ্ট আমি জানি।

২০০৩ সালের দিকে আমরা আফগানিস্তানে ফিরে কাবুলে বসবাস শুরু করি। তখনই প্রথম স্কুলে যাই। বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় এক ঘণ্টা লাগত। ঠিকঠাক ক্লাসরুমও ছিল না। বেশির ভাগ শ্রেণিকক্ষ ছিল ইউনিসেফের দেওয়া তাঁবুতে। কিন্তু আমি খুশি ছিলাম। অবশেষে স্কুলে যেতে পারছি, জীবনে কিছু হওয়ার স্বপ্ন দেখতে পারছি; আশা করতে পারছি, একদিন হয়তো নিজের দেশের জন্য কিছু করতে পারব।

প্রশ্ন

সাংবাদিকতার প্রতি আগ্রহ তৈরি হলো কীভাবে? আফগানিস্তানে এমন কিছু কি করেছিলেন, যেটি করতে গিয়ে মনে হয়েছে, এই কাজই আপনি করতে চান?

জাহরা নাদের: ছোটবেলায় আমি শিক্ষক হতে চাইতাম। সাংবাদিক হওয়ার চিন্তাই ছিল না। অনেকটা হঠাৎ করেই সাংবাদিকতায় আসা। একদিন কাবুলের একটি সাপ্তাহিক পত্রিকার অফিসে যাই। তখন কবিতা লিখতাম। তারা আমার একটি কবিতা প্রকাশ করে এবং সেখানে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ দেয়। আমি আনন্দের সঙ্গে রাজি হই।

সাংবাদিকতায় থেকে গেলাম, কারণ আফগানিস্তানের একটি প্রান্তিক জনগোষ্ঠীর নারী হিসেবে এই পেশায় আমি কিছুটা শক্তি খুঁজে পেয়েছিলাম। আমার মতো মানুষের সাধারণত প্রশ্ন করার, রাজনীতি নিয়ে কথা বলার বা ক্ষমতাবানদের জবাবদিহির মুখে দাঁড় করানোর সুযোগ ছিল না। সাংবাদিকতা আমাকে সেই সুযোগ দিয়েছিল।

মনে আছে, আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পত্রিকায় লিখেছিলাম। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৪০ দিনের মধ্যে পুরো কাবুলে বিদ্যুৎ পৌঁছাবে। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও আমাদের এলাকায় বিদ্যুৎ আসেনি। তাই প্রশ্ন করেছিলাম, আমাদের বিদ্যুৎ নেই কেন? আমাদের এলাকায় কেন পৌঁছাচ্ছে না?

ওই প্রতিবেদন করতে গিয়ে বুঝতে পারি, সাংবাদিক হিসেবে আমি কী করতে পারি। যেসব সমস্যা সমাজের বড় অংশের চোখেই পড়ে না, সেগুলো আলোচনায় আনতে পারি। আর মানুষ যখন সেসব নিয়ে কথা বলতে শুরু করে, তখন অন্তত কিছু বদলানোর সম্ভাবনা তৈরি হয়।

থাইল্যান্ডের চিয়াংমাইয়ে কনরাড অ্যাডেনাউয়ার স্টিফটুংয়ের (কাস) মিডিয়া প্রোগ্রাম এশিয়ার ৩০তম বার্ষিকীর একটি সেশনে জাহরা নাদের
প্রশ্ন

আফগানিস্তান ছেড়ে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? এই পরিবর্তন আপনার সাংবাদিকতায় কী প্রভাব ফেলেছিল?

জাহরা নাদের: ২০১৭ সালে আফগানিস্তান ছাড়ার সময় আমি দ্য নিউইয়র্ক টাইমস–এ কাজ করছিলাম। নিরাপত্তা পরিস্থিতি তখন খুব খারাপ। প্রায় প্রতিদিন কাজে যাওয়ার পথে মনে হতো, কোথাও একটা বোমা বিস্ফোরিত হতে পারে, আর এই যুদ্ধের মধ্যে কোনো দোষ ছাড়াই আমরা মারা যেতে পারি। আমার ছেলের বয়স তখন চার বছর। আমি চেয়েছিলাম, সে এমন অধিকার ও সুযোগ নিয়ে বড় হোক, যা ইরানে শরণার্থী শিশু হিসেবে বেড়ে ওঠার সময় আমি পাইনি।

কানাডায় গিয়ে সাংবাদিকতা চালিয়ে যাওয়া খুব কঠিন মনে হয়েছিল, প্রায় অসম্ভবই বলা যায়। সেখানে যাওয়া একজন আফগান নারী হিসেবে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার উৎসাহ পাইনি। কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন, কফির দোকানে কাজ নিই আর দ্বিতীয় সন্তান নিই। তাঁরা আমার জন্য এমন ভবিষ্যৎই ভেবেছিলেন। কিন্তু আমি সেটা চাইনি।

আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স করলাম। এরপর নারী ও জেন্ডার স্টাডিজে পিএইচডি শুরু করি। তালেবান আবার ক্ষমতায় ফেরার সময় আমি কানাডায় পিএইচডি করছিলাম।

প্রশ্ন

অনুষ্ঠানের এক আলোচনায় আপনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো ‘ওয়ার অন টেরর’ বা সন্ত্রাসবিরোধী যুদ্ধের সঙ্গে আফগানিস্তানে তালেবানের কর্মকাণ্ডের তুলনা করেছেন। কেন এই শব্দগুলো ব্যবহার করছেন?

জাহরা নাদের: তালেবান ক্ষমতা দখলের পর প্রথম টার্গেট ছিল নারীরা। প্রথম সপ্তাহেই নারীদের বলা হলো, বাড়িতে থাকুন, কাজে আসবেন না। প্রথম মাসের মধ্যেই মেয়েদের বলা হলো, তোমরা স্কুলে যেতে পারবে না। এরপর বিশ্ববিদ্যালয়ের দরজাও নারীদের জন্য বন্ধ হয়ে গেল। তাঁরা একা চলাফেরার অধিকার হারালেন। কী পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও হারালেন। আফগানিস্তানে তালেবান ‘ওয়ার অন উইমেন’ বা নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।

একে যুদ্ধ বলছি, কারণ তাদের লক্ষ্য সমাজ থেকে নারীদের পুরোপুরি সরিয়ে দেওয়া। তারা এমন এক দুঃস্বপ্নের সমাজ গড়তে চাইছে, যেখানে ঘরের বাইরে শুধু পুরুষদেরই অস্তিত্ব থাকবে। এর মানে এই নয় যে আফগানিস্তানে পুরুষেরা ভালো আছেন। কিন্তু গত পাঁচ বছরে তালেবান যা করেছে, তা দেখলেই বোঝা যায়, জনজীবন থেকে নারীদের সরিয়ে দেওয়া তাদের লক্ষ্যের কত বড় অংশ।

জাহরা নাদের
প্রশ্ন

আফগানিস্তানে নারীরা কি এখনো সাংবাদিকতা করতে পারছেন?

জাহরা নাদের: আফগানিস্তানে এমন কোনো আইন নেই, যেখানে সরাসরি বলা হয়েছে, নারীরা সাংবাদিকতা করতে পারবেন না। কিন্তু তালেবানের সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের আইনে জনসমক্ষে নারীদের কণ্ঠ শোনা এবং মুখ দেখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বাইরে বের হলে তাঁদের সঙ্গে একজন পুরুষ অভিভাবকও থাকতে হবে। এসব বিধান তাঁদের সাংবাদিকতার সুযোগে প্রভাব ফেলে।

কাবুলের মতো শহরে এখনো কিছু সংবাদমাধ্যম আছে, যেখানে নারীদের মুখ না দেখা গেলেও তাঁদের কণ্ঠে প্রতিবেদন শোনা যায়। প্রদেশগুলোর কিছু রেডিও স্টেশনেও নারীরা কাজ করেন। কোনো কোনো অফিসে নারী ও পুরুষকে আলাদা রাখা হয়। কিন্তু স্বাধীনভাবে প্রতিবেদন করার সুযোগ তাঁদের খুবই কম। বিশেষ করে নারী অধিকার, স্কুল বন্ধ থাকা বা নারীর স্বাস্থ্য নিয়ে।

কোনো কোনো নারী বিনা বেতনে কাজ করেন। আশা থাকে, অন্তত সেখানে কাজ করার একটি সনদ পাবেন। অফিসে যাতায়াতের খরচও তাঁদের পরিবারকে দিতে হয়। সংবাদ সম্মেলনে ঢুকতে গিয়েও তাঁরা বাধা পান। আমি বা আমার সহকর্মীরা কোনো প্রতিবেদন নিয়ে তালেবান কর্মকর্তাদের বক্তব্য জানতে ফোন করলে কেউ কেউ কথা বলতে অস্বীকার করেন। কারণ, নারীর সঙ্গে কথা বলাকে তাঁরা পাপ মনে করেন। আবার কেউ সাংবাদিকদের সঙ্গেই কথা বলতে চান না।

আফগানিস্তানের বেশির ভাগ এলাকায় নারীরা এখন আর প্রকাশ্যে সংবাদমাধ্যমে কাজ করেন না। তবে কেউ কেউ গোপনে প্রতিবেদন করছেন। আমাদের মতো দেশের বাইরে থাকা সংবাদমাধ্যমের হয়েও কাজ করছেন তাঁরা।

প্রশ্ন

জান টাইমস শুরু করলেন কেন? এই সংবাদমাধ্যমের মাধ্যমে কী করতে চেয়েছিলেন?

জাহরা নাদের: ২০২২ সালে জান টাইমস শুরু করি। নিজের ভেতর একটা বড় দায়িত্ব অনুভব করছিলাম। অপরাধবোধও হচ্ছিল। আমি কানাডায় নিরাপদে ছিলাম। আমার অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত ছিল। অথচ লাখ লাখ আফগান নারী ও মেয়ে সেসব হারাচ্ছিলেন।

আমি কাবুলে বড় হয়েছি। সেখানে স্কুলে ও বিশ্ববিদ্যালয়ে পড়েছি। যত সীমিতই হোক, আমার কিছু স্বাধীনতা ছিল। তার জোরেই পড়াশোনা করতে পেরেছি, ঘরের বাইরে কাজ করতে পেরেছি, সাংবাদিক হতে পেরেছি। এখন সেই সুযোগগুলোই লাখ লাখ নারী ও মেয়ের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। মনে হলো, আমাকে কিছু একটা করতেই হবে। তখন মনে পড়ল, আমি তো একজন সাংবাদিক।

পিএইচডি থেকে ছুটি নিলাম। নিজের জমানো টাকা দিয়ে সংবাদমাধ্যমটি গড়ে তুললাম। ভাবলাম, তালেবান যদি নারীদের নিজেদের ঘরেই আটকে রাখে, তাহলে আমরা কি তাঁদের ঘরে বসে কাজ করার সুযোগ দিতে পারি? সাংবাদিক হওয়ার প্রশিক্ষণ দিতে পারি? তাঁদের প্রতিবেদন প্রকাশের একটা জায়গা তৈরি করে দিতে পারি?

এ জন্যই জান টাইমস এর জন্ম। আমরা নারী সাংবাদিকদের জন্য সুযোগ তৈরি করতে চেয়েছি। আফগানিস্তানের জনজীবন থেকে নারীদের মুছে ফেলার যে চেষ্টা তালেবান করছে, তার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছি।

প্রশ্ন

আপনি অনুষ্ঠানে বলেছেন, জান টাইমস–এর মাত্র ১২টি ফেলোশিপের জন্য কয়েক শ আবেদন এসেছিল। এত সাড়া পেয়ে আপনার কেমন লেগেছিল?

জাহরা নাদের: ২০২৪ ও ২০২৫ সালে আমরা আফগানিস্তানের বিভিন্ন এলাকার প্রায় ৭০ নারীকে প্রশিক্ষণ দিয়েছি। তাঁদের ইন্টারনেটের খরচ দিতে পারতাম, কিন্তু কোনো ভাতা দিতে পারতাম না। বুঝতে পারলাম, এভাবে দীর্ঘদিন চালানো যাবে না। একজন মানুষ খালি পেটে আছেন, পরের বেলা খাবার কোথা থেকে আসবে, তা নিয়ে ভাবছেন—তাঁর কাছে আমি কীভাবে আশা করি যে তিনি মন দিয়ে শিখবেন?

তাই ১২ নারীর জন্য ১০ মাসের একটি ফেলোশিপ চালু করলাম। অনলাইনে প্রশিক্ষণ ও কাজ শেখানোর পাশাপাশি মাসে একটি ভাতা দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছি। যাতে আমাদের সঙ্গে শেখার ও কাজ করার সময় তাঁরা নিজের এবং পরিবারের খরচ কিছুটা চালাতে পারেন।

২০২৬ সালের ১৯ জানুয়ারি আবেদন নেওয়া শুরু হয়। শেষ হয় ৫ ফেব্রুয়ারি। মাত্র ১২টি ফেলোশিপের জন্য আমরা ৮৬০টি আবেদন পাই। এত সাড়া পেয়ে আমরা অভিভূত হয়েছিলাম। সবচেয়ে অনুপ্রেরণা পেয়েছি এটা দেখে যে এত নারী এখনো সাংবাদিক হওয়ার ঝুঁকি নিতে প্রস্তুত। নিজেদের এলাকায় কী হচ্ছে, তা তাঁরা জানাতে চান। তাঁদের মনে এখনো আশা আছে। তাঁরা কিছু করতে চান।

প্রশ্ন

আফগানিস্তানের ভেতরে থেকে সাংবাদিকেরা কি নিরাপদে প্রতিবেদন প্রকাশ করতে পারেন?

জাহরা নাদের: আফগানিস্তানের ভেতরে থাকা আমাদের সব সাংবাদিক ছদ্মনাম ব্যবহার করেন। কেউ নিজের নামে প্রতিবেদন প্রকাশ করেন না, কারণ সেটা খুবই বিপজ্জনক। যাঁরা আমাদের তথ্য দেন, আমার তাঁদের আসল নামও প্রকাশ করি না। সাংবাদিক বা তথ্যদাতার পরিচয় বোঝা যেতে পারে, এমন বিবরণও বাদ দেওয়ার চেষ্টা করি।

তবে শুধু নাম বাদ দিলেই সব সময় নিরাপত্তা নিশ্চিত হয় না। কোনো প্রতিবেদন প্রকাশ করলে সহকর্মী বা তথ্যদাতা ঝুঁকিতে পড়তে পারেন বলে মনে হলে আমরা অনেক সময় সেটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিই।

প্রশ্ন

যেসব তরুণ আফগান নারী এখনো পড়তে চান, কাজ করতে চান বা নিজেদের কথা বলতে চান, তাঁরা কেমন ভবিষ্যতের কথা বলেন? তাঁদের কথা শুনে আপনি কি আশা খুঁজে পান?

জাহরা নাদের: আফগানিস্তান থেকে এক সহকর্মী একবার একটি মেয়ের সাক্ষাৎকার পাঠিয়েছিলেন। মেয়েটির বয়স ছিল ১৫ বা ১৬ বছর। শুনতে শুনতে আমি কেঁদেছিলাম। তার কণ্ঠে এত কষ্ট ছিল! এখনো তার কথা মনে হলে মন খারাপ হয়ে যায়।

মেয়েটি বলছিল, পৃথিবী এগিয়ে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে, মানুষ চাঁদে যাচ্ছে। আর আফগান মেয়েরা নিজেরা রাস্তায় হাঁটতেও পারছে না। শুধু মেয়ে বলে তাদের সেই স্বাধীনতা দেওয়া হচ্ছে না। সে স্কুলে যেতে পারছিল না, কার্পেট বুনত। বলছিল, পড়াশোনার সুযোগ না থাকলে নিজের কোনো ভবিষ্যৎই সে দেখতে পায় না। কিন্তু সে চেয়েছিল, মানুষ আফগান মেয়েদের কথা শুনুক। এমন জীবনই যেন তাদের ভবিষ্যৎ না হয়, তা নিশ্চিত করুক।

এবার তালেবান ক্ষমতায় আসার পর শুরুর দিকে নারীরা রাস্তায় নেমেছিলেন। তালেবান সেই বিক্ষোভ দমন করেছে, নারীদের কারাগারে নিয়েছে। আন্দোলন করার কারণে কোনো কোনো নারীকে হত্যাও করা হয়েছে। এখন প্রকাশ্যে প্রতিবাদ করা অনেক কঠিন। কিন্তু আমি নীরবে প্রতিরোধ গড়ে উঠতে দেখি। কোনো নারী নিজের বাড়ির নিচতলার ঘর, বসার ঘর কিংবা রান্নাঘরকে আশপাশের ছয়-সাতটি মেয়ের পড়ার জায়গা বানিয়ে নিচ্ছেন। আমি একে তালেবান-পরবর্তী জীবনের প্রস্তুতি হিসেবে দেখি।

আমার সঙ্গে যাঁরা সাংবাদিকতা করছেন, তাঁদের মধ্যেও আশা দেখি। তাঁরা জানেন, জান টাইমস–এর হয়ে কাজ করতে গিয়ে ধরা পড়লে তাঁদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তারপরও তাঁরা এই কাজ বেছে নিয়েছেন।

প্রশ্ন

সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

জাহরা নাদের: আপনাকেও ধন্যবাদ।