বিশেষ সাক্ষাৎকার: ড. বদরূল ইমাম

জ্বালানির দাম বাড়ানোর পদ্ধতি বিস্মিত করেছে

সরকার এক ধাপে সব ধরনের জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি করেছে। শুক্রবার মধ্যরাত থেকে সেটি কার্যকর হয়েছে। কোন প্রেক্ষাপটে জ্বালানির এ মূল্যবৃদ্ধি, মূল্যবৃদ্ধির যৌক্তিকতা, এর অর্থনৈতিক প্রভাব ও করণীয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জ্বালানিবিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বদরূল ইমাম। সাক্ষাৎকার নিয়েছেন মনোজ দে

ড. বদরূল ইমাম
ড. বদরূল ইমাম
প্রশ্ন

প্রথম আলো: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যে হচ্ছে, তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কিন্তু এক ধাক্কায় এত বড় মূল্যবৃদ্ধি কি প্রত্যাশিত ছিল?

বদরূল ইমাম: জ্বালানি তেলের দাম এক ধাপে এতটা বৃদ্ধি সবার জন্যই অপ্রত্যাশিত ঘটনা। আমরা সবচেয়ে বিস্মিত হয়েছি দাম বাড়ানোর পদ্ধতিটা নিয়ে। গ্যাসের ক্ষেত্রে একটা গণশুনানি হয়। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপিত হয়। আমরা বুঝতে পারি কী কারণে, কতটা বৃদ্ধি করা যৌক্তিক। কিন্তু অংশীজনদের সঙ্গে কোনো কথা না বলে একতরফাভাবে মধ্যরাতে এত বড় মূল্যবৃদ্ধি হলো। বাংলাদেশের ইতিহাসে জ্বালানির মূল্যবৃদ্ধির এত বড় উল্লম্ফন কখনো হয়নি। মন্ত্রী মহোদয় (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ) বলেছেন, সরকার জনবান্ধব ও জনগণের ভোগান্তি যাতে না হয়, সেদিকে সরকারের দৃষ্টি আছে। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বিপরীতটা করা হলো। করোনা মহামারির পরে মানুষের আর্থিক সংকট গভীর হয়েছে, বড় ধরনের মূল্যস্ফীতির চাপ মানুষকে সহ্য করতে হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা অব্যাহত রয়েছে—এর মধ্যে এক ধাপে জ্বালানির মূল্যবৃদ্ধি অতিরিক্ত বড় একটা বোঝা হয়ে দাঁড়াল।

প্রশ্ন

প্রথম আলো: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী। সে সময়ে জ্বালানির এ রেকর্ড মূল্যবৃদ্ধি কতটা যৌক্তিক?

বদরূল ইমাম: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১৩০ ডলারের ওপরে উঠেছিল। এখন অপরিশোধিত তেলের দাম ৯৫ ডলার। এ দামটা আরও নামতে পারে। এ সময়ে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দাম বলে দেশে তেলের দাম বাড়ানোর বিষয়টা যৌক্তিক হলো না। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেভাবে নামছে, তাতে দু-তিন মাসের মধ্যে তা ৮০ ডলারের কাছাকাছিও চলে আসতে পারে। সেটা সহনীয় মূল্য। ফলে আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করা যেত। ফলে বিশ্ববাজারে অনেক বেশি মূল্য—সেই যুক্তি অগ্রহণযোগ্য।

প্রশ্ন

প্রথম আলো: সরকার বলছে, বিপিসি কয়েক মাসে জ্বালানি তেলে লোকসান গুনেছে। তাই নিরুপায় হয়েই দাম বাড়ানো হয়েছে। কিন্তু করোনা মহামারিকালে বিশ্ববাজারে যখন দাম কম ছিল, সে সময় তো দাম কমায়নি?

বদরূল ইমাম: করোনা মহামারির সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য যখন অনেক কম ছিল, সে সময় দেশের বাজারে দাম কমানো হয়নি। তখন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনেক লাভ করেছে। সেটার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা। সেটা তো জনগণেরই টাকা। বিপিসির সেই লাভের টাকাটা যদি ভর্তুকিতে ব্যবহার করা হতো, তাহলে তো জনজীবনে কিছুটা স্বস্তি দেওয়া যেত। এ কারণে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার জন্য জ্বালানি তেলের দাম বাড়ানোর যুক্তিটা ধোপে টিকছে না।

প্রশ্ন

প্রথম আলো: গ্যাসের উপজাত হিসেবে দেশে অকটেন ও পেট্রল উৎপাদিত হয়। তারপরও কেন এগুলোর দাম বাড়াতে হলো?

বদরূল ইমাম: অকটেন আমাদের দেশে উৎপাদিত হয়, পেট্রলও আমরা দেশে পাই। কিছুটা আমদানি করতে হয়। তবে পরিমাণ খুব একটা বেশি নয়। সুতরাং অকটেন, পেট্রলের দাম না বাড়ালেও পারত। কিন্তু উচ্চবিত্তরা অকটেন ব্যবহার করেন—এ যুক্তির খাতিরে অকটেনের মূল্যবৃদ্ধির যুক্তিটা মেনে নেওয়া যায়।

প্রশ্ন

প্রথম আলো: ডিজেলের দাম বাড়লে নিত্যপণ্য ও পরিবহন থেকে শুরু করে সবখানেই প্রভাব পড়ে। এক ধাপে ৪০ শতাংশ ডিজেলের দাম বাড়ানোর যৌক্তিকতা কতটা?

বদরূল ইমাম: জ্বালানি তেলের মধ্যে মূল সমস্যা তৈরি হবে ডিজেলের মূল্যবৃদ্ধিতে। লাখ লাখ কৃষক সেচের জন্য ডিজেলের ওপর নির্ভরশীল। সেচের খরচ বেড়ে যাওয়ায় কৃষি ও কৃষক পর্যায়ে বড় আঘাত এসে পড়বে। আবার পরিবহন, শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই ডিজেলের দাম প্রভাব তৈরি করবে। জনজীবনের ব্যয় এক ধাপে বেড়ে যাবে। বিশেষ করে পরিবহনে প্রভাবটা আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। এ পরিস্থিতি সৃষ্টির প্রয়োজন ছিল না। আমার মনে হয়েছে, সরকার ত্বরিতগতিতে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।

প্রশ্ন

প্রথম আলো: জ্বালানি মন্ত্রণালয়ের যুক্তি হলো, ভারতে দাম বেশি, তাই পাচার হওয়ার সুযোগ আছে। এ যুক্তি কতটা যৌক্তিক?

বদরূল ইমাম: এটা খুব একটা ভালো যুক্তি নয়। দেশ থেকে চোরাচালান যাতে না হয়, সে জন্য ব্যবস্থাপনা আছে, বাহিনী আছে। এগুলো দেখভালের দায়িত্ব তাদের। আমরা ভারতের চেয়ে জ্বালানি তেলের দাম কম রাখতে পারব না—এটা মোটেও শক্তিশালী যুক্তি নয়। ভারতে বরাবরই তেলের দাম আমাদের চেয়ে বেশি। তাহলে এখন কেন এ প্রশ্ন?

প্রশ্ন

প্রথম আলো: বর্তমান সংকটে জ্বালানি নীতির দায়টা কতটা?

বদরূল ইমাম: জ্বালানি নীতি বলতে বুঝি জ্বালানির জোগান আমরা কীভাবে সামাল দিচ্ছি। ১০ থেকে ২০ বছরের প্রেক্ষাপট বিচার করলে আমরা দেখব যে গ্যাস ও কয়লার মতো দেশি জ্বালানি উঠে আসার জন্য যথেষ্ট কর্মকাণ্ড নেই। বাংলাদেশ একটা খুব গ্যাসপ্রবণ এলাকা, বিশ্বব্যাপীই এটা স্বীকৃত। অথচ আমরা সেই গ্যাস না তোলার ব্যবস্থা করে একটা বড় সংকটে পড়ে গেলাম। এটা সামগ্রিকভাবে জ্বালানি নীতির দুর্বলতা। এই নীতিতে এমন কিছু নেই কেন যে, দেশি যে সম্পদ আছে সেটা তুলে নিয়ে এসে তার ওপরই নির্ভর করব। প্রশ্ন হলো আত্মনির্ভরশীলতার এই নীতি না নিয়ে আমরা পরনির্ভরশীল আমদানি নীতিতে গেলাম কেন? দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গ্যাসক্ষেত্রগুলো জাতীয়করণ করেছিলেন। সেই গ্যাসক্ষেত্রগুলো থেকে এখনো আমরা গ্যাস উত্তোলন করছি। কিন্তু স্বাধীনতার ৫১ বছরে এসে আমাদের জ্বালানি এখন পুরোপুরি আমদানিনির্ভর। আমরা আগামী দিনের চাহিদা মেটাতে বেশ কটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করেছি। কিন্তু চাহিদার ৯৯ শতাংশ কয়লা আমদানি হয়ে আসবে। এই নীতিটাই একটা ভুল নীতি।

প্রশ্ন

প্রথম আলো: সংকট উত্তরণে করণীয় কী বলে মনে করেন?

বদরূল ইমাম: স্বল্প মেয়াদে খুব একটা করণীয় আছে বলে মনে হয় না। এখন যদি একটা কয়লাখনি উন্নয়ন করতে যাই, তাহলে কমপক্ষে চার বছর সময় লেগে যাবে। আমরা আগে থেকে করিনি বলেই এখন এই অবস্থা। নতুন করে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করতে গেলেও দীর্ঘ সময় লেগে যাবে। তাই চলমান সংকট আমাদের ভোগাবে কিছুদিন। সরকার বলছে বিদ্যুতের সংকট সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এ দাবি কিছুটা সত্য। কারণ, সেপ্টেম্বরের পর তাপমাত্রা কমে যাবে, বিদ্যুতের চাহিদা কমায় সংকটটা কিছুটা কমবে। আর রামপাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ চলে আসবে। কিন্তু সমাধানটা সাময়িক হবে। গ্রীষ্ম মৌসুমে আবার চাহিদা বাড়বে। জ্বালানি জোগানের উৎসে যে সংকট, তা সমাধান করা না গেলে সংকট কাটবে না। জ্বালানির জোগান দেশি উৎস থেকে করতে হলে স্থল ও সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধানের কার্যক্রম নিতে হবে। স্বল্পমেয়াদি সংকট সমাধানে পুরোনো কূপগুলোর সক্ষমতা বাড়াতে হবে।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

বদরূল ইমাম: আপনাকেও ধন্যবাদ।