আসন্ন ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে ঘরমুখী মানুষ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন যানবাহনে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। প্রতিবছর অত্যধিক যাত্রীবোঝাই বাস, দ্রুতগতিতে গাড়ি চালানো, ওভারটেক ইত্যাদি কারণে অনেক যানবাহন দুর্ঘটনায় পতিত হয়। এতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়। এ সময় সীমিত গতিতে গাড়ি চালানো আবশ্যক। বাসের ছাদে যাত্রী বোঝাই করা হয়। দুর্ঘটনা রোধে এগুলো পরিহার করা বাঞ্ছনীয়।
অর্থ বড় নয়, মানুষের জীবনের মূল্যই বেশি। অধিক যাত্রী বোঝাইয়ের কারণে লঞ্চ দুর্ঘটনায় পতিত হয় ও প্রাণহানি ঘটে। প্রতিবছর অধিক ভাড়া আদায়ের প্রবণতাও দেখা যায়। সরকার অধিক ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সর্বোপরি ঈদে ঘরমুখী মানুষের জীবনের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
সুমিত্র বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম।