চিঠিপত্র

খাদ্যের অপচয় রোধ করার এখনই সময়

ছবি: প্রথম আলো

সারা পৃথিবীতেই উৎপাদিত খাদ্যের বিরাট একটা অংশ নষ্ট ও অপচয় হয়। বাংলাদেশেও খাদ্য উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে খাদ্য নষ্ট হয়; যা একদিকে খাদ্যনিরাপত্তায়, অন্যদিকে কৃষকের আয় ও অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে। এর মধ্যে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশে খাদ্যের অনেক সমস্যা দেখা দিয়েছে। পৃথিবীর অভাগা মানুষ কি কখনো ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পাবে না?

শাকসবজি ও ফলমূলে পোস্টহার্ভেস্ট নষ্ট বা অপচয়ের পরিমাণ ৩০ থেকে ৪০ শতাংশ, বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৪৯০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৪৪২ কোটি টাকা। মাঠে ফসল বোনা, পরিচর্যা, ফসল কাটা, প্রক্রিয়াজাত করা, দোকানে পৌঁছানো, ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরেই খাদ্য নষ্ট বা অপচয় হয়, যা এখন বৈশ্বিক উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে জন্য কোনোভাবেই খাদ্য নষ্ট ও অপচয় করা যাবে না।

২০১৭ সালের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের ‘খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি’ শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বছরে বিশ্বের প্রায় ১১ শতাংশ মানুষের ক্ষুধা বাড়ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের বরাত দিয়ে গত বছর দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া, দক্ষিণ সুদানসহ বিশ্বের দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোয় করোনার কারণে খাদ্যসংকট আরও বেড়েছে। এর প্রভাব থেকে মধ্যম আয়ের দেশগুলোও বাদ যায়নি। ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মহামারির কারণে লাখ লাখ মানুষ না খেয়ে থাকার পর্যায়ে নেমে এসেছে।

জাতিসংঘ বলছে, মানুষের জন্য উৎপাদিত খাবারের মধ্যে অপচয় হয় ১৩০ কোটি টন (মোট উৎপাদনের এক-তৃতীয়াংশ)। খাবারের অপচয় রোধে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে; কিন্তু ব্যক্তি পর্যায়ে আমাদের প্রচেষ্টা, উদ্যোগ ও আন্তরিকতা কতটুকু? অনেক বাড়িতে প্রতিবেলায় এত এত খাবার রান্না হয় যে, খেতে না পারার কারণে পরে তা ফেলে দিতে হয়। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, বিশ্বজুড়ে বছরে মোট খাবারের ১৭ শতাংশ রেস্তোরাঁ ও দোকানে অপচয় হয়। আমাদের আরেকটি অভ্যাসে ভীষণ অবাক হই, খাবার টেবিলে হরেক রকমের সুস্বাদু খাবার পরিবেশিত হলে পেটভরে যাওয়ার পরও চোখের ক্ষুধা সামলাতে না পেরে অনেকে প্লেটে খাবার তুলতেই থাকে। পরে খেতে না পেরে ওই সব খাবারের জায়গা হয় বোনপ্লেটে। এফএওর তথ্যমতে, উৎসবের দিনগুলোয় এ অপচয়ের পরিমাণ আরও বেড়ে যায়।

বাংলাদেশে কি পরিমাণ খাদ্য নষ্ট বা অপচয় হয়, তার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও কয়েকটি গবেষণায় দেখা যায়, শাকসবজি ও ফলমূলে পোস্টহার্ভেস্ট নষ্ট বা অপচয়ের পরিমাণ ৩০ থেকে ৪০ শতাংশ, বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৪৯০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৪৪২ কোটি টাকা। মাঠে ফসল বোনা, পরিচর্যা, ফসল কাটা, প্রক্রিয়াজাত করা, দোকানে পৌঁছানো, ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরেই খাদ্য নষ্ট বা অপচয় হয়, যা এখন বৈশ্বিক উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে জন্য কোনোভাবেই খাদ্য নষ্ট ও অপচয় করা যাবে না। আমাদের খাদ্যবিলাসিতা থেকে সরে আসার চেষ্টা করতে হবে। ‘প্রয়োজন’-কে সীমিত পর্যায়ে নিতে আসতে হবে। ব্যক্তিসতর্কতাও খাদ্যের অপচয় রোধে ভূমিকা রাখতে পারে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে এটি আরও বেশি জরুরি হয়ে পড়েছে।

সাকিবুল ইসলাম
শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা