চিঠিপত্র

খাবারের মান

রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য বাংলাদেশের প্রায় সব জায়গায় বেশ রমরমা। সাধারণ জনগণ খুব তৃপ্তি নিয়েই খায় এসব হোটেল–রেস্তোরাঁয়, যদিও খাবারের মান নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। তারপরও মনে সন্দেহ নিয়ে মানুষ বাধ্য হয়েই এ খাবার খাচ্ছে। ভেজাল মসলা, ভেজাল তেল, ভেজাল রং, বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, নানাবিধ ভেজাল ওষুধ পর্যন্ত ব্যবহৃত হয় এসব খাবারে, যা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

সরকার নানাবিধ পদক্ষেপ নিলেও তা কার্যকর হয় না। কিছু পদক্ষেপ এই ভেজাল ও নিম্নমানের খাবার থেকে আমাদের বাঁচাতে পারে। সরকারের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি ভেজাল ব্যবহার বন্ধ করতে নানাবিধ কর্মসূচি হাতে নিতে হবে। খাবারের মান খারাপ জেনেও আমাদের একশ্রেণির মানুষ এসব হোটেল–রেস্তোরাঁয় নিয়মিতভাবেই খান, এমনকি বাধ্য না হলেও। তাদেরও সচেতন হওয়া জরুরি। রেস্তোরাঁর খাবারের মান খারাপ হলে বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। জাতি হিসেবে আমরা অপমানিত হই। সংশ্লিষ্ট সবার এ বোধ থাকা দরকার।
নাজমুল হোসেন
শিক্ষার্থী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।