চিঠিপত্র

বায়ুদূষণ

দূষিত বায়ুর কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ব্যাপক হুমকির মুখে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগ এই সতর্ক বার্তা দিয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০১৬ ডব্লিউএইচও জানায়, দূষিত বায়ুর কারণে বিশ্বে প্রতি ১০ জনের নয়জনই স্বাস্থ্য হুমকির মুখে আছে।

পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি জানায়, বিশ্বে প্রতিবছর ৬০ লাখ মানুষের মৃত্যুর প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ দূষিত বাতাস।

অতীত কালেও মানবসমাজে রোগ, মৃত্যু ও মহামারি ছিল, কিন্তু বায়ুদূষণজনিত মৃত্যু ছিল না। পরিবেশ ছিল নির্মল। মনুষ্য সৃষ্ট নানা কারণে পরিবেশ দূষিত হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, উন্নত পাহাড়ি অঞ্চলের মানুষেরা দীর্ঘজীবী। অর্থাৎ দীর্ঘজীবী হতে হলে বায়ু দূষণমুক্ত রাখতে হবে।

আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। নিরাপত্তাব্যবস্থা–সংবলিত কলকারখানা স্থাপন করতে হবে। সেই সঙ্গে দেশের জনসংখ্যা বৃদ্ধির রাশ টেনে ধরতে হবে।

আহমদ রহিম

রংপুর।