চিঠিপত্র

বৃষ্টিতে গরিবের জীবন

বৃষ্টির দিনে গরিব মানুষের দুর্ভোগের শেষ থাকে না। নগরের বস্তিবাসীদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। যারা রাস্তায় থাকে, তাদের কথা আর না-ই বা বললাম। কর্দমাক্ত রাস্তায় আমাদের হাঁটতেই যেখানে বিরক্তি লাগে, সেখানে তারা কীভাবে এই বৃষ্টির মধ্যে রাস্তায় থাকে, আমরা কি তা কখনো ভেবে দেখেছি?

শুধু নগরের গরিব মানুষেরই নয়, সারা দেশের গরিব মানুষেরই বৃষ্টির সময় একই অবস্থা হয়। রাঙামাটির লংগদুর ঘরবাড়ি হারানোর পর সেখানকার মানুষের পাশে কেউ দাঁড়ায়নি। এখন বৃষ্টির মধ্যে তারা মানবেতর জীবনযাপন করছে।

এভাবেই চলছে গরিব মানুষের জীবনচক্র। উন্নয়ন চিন্তায় এই মানুষদের স্থান না দিলে আমরা কখনোই অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারব না, যা আমাদের জন্য নিশ্চয়ই গৌরবের নয়।

এডওয়ার্ড গৌতম

ঢাকা।