চিঠিপত্র

বেহাল সড়ক

মগবাজার উড়ালসড়ক নির্মাণ শুরু হওয়ার পর থেকে মধুবাগবাসীর নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় হয়েছে। উড়ালসড়কের কাজ শুরু হওয়ার প্রথম দিকে মগবাজারের রাস্তার বেহাল দশার কারণে হাতিরঝিল সড়কের গাড়িগুলো মধুবাগ দিয়ে যাতায়াত শুরু করে। ফলে কিছুদিনের মধ্যেই মধুবাগ-ওয়্যারলেস সড়ক ভেঙেচুরে যায়।
কিন্তু এখন উড়ালসড়কের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে, মগবাজারের টঙ্গী ডাইভারশন সড়ক সংস্কারও করা হয়েছে, তবু হাতিরঝিলের গাড়িগুলো অভ্যাসবশত মধুবাগ দিয়ে যাতায়াত করছে। মধুবাগ-ওয়্যারলেস সড়কের যে অবস্থা হয়েছে, তাতে এই সড়কে এখন চলাচল করাই দায় হয়ে উঠেছে। এবারের অতিবৃষ্টিতে এ সড়কে এমন খানাখন্দ সৃষ্টি হয়েছে যে কিছু কিছু জায়গায় রিকশা উল্টে যাওয়ার উপক্রম হয়। এ কারণে রিকশাভাড়াও বেড়ে গেছে।
আসন্ন শীতে যদি এই সড়ক সংস্কার করা না হয়, তাহলে ভাঙা রাস্তার ধুলাবালুর কারণে চলাচল করা একরকম অসম্ভব হয়ে উঠবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য এ সড়ক মরণফাঁদে পরিণত হবে।
এ পরিপ্রেক্ষিতে নতুন মেয়রের কাছে আমাদের প্রত্যাশা, এ সড়কটি সংস্কাের তিনি অবিলম্বে উদ্যোগ নেবেন।
মনির উদ্দিন
মধুবাগ।