চিঠিপত্র

রমজান মাসে যানজট

রমজান মাস শুরুর আগেই ঢাকার যানজট অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল। রমজান মাস কেবল শুরু হয়েছে। এরপর অবস্থা আরও খারাপ হবে বলে ধারণা করা যায়। এমনিতেই এ শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মানুষের অনেক সময় লাগছে। এভাবে চলতে থাকলে এ শহরে ব্যবসা-বাণিজ্য করাও অসম্ভব হয়ে দাঁড়াবে।
এ শহরে যেখানে-সেখানে গাড়ি থেকে যাত্রী নামানো-ওঠানো হচ্ছে। আর ঈদ উপলক্ষে মানুষের কেনাকাটাও শুরু হয়ে গেছে। কিন্তু শপিং মলগুলোতে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় গাড়িগুলো স্বাভাবিকভাবেই রাস্তায় পার্ক করা হবে।
এ অবস্থায় সরকারকে কিছু বিষয়ে কঠিন অবস্থান নিতে হবে। যেমন ব্যক্তিগত গাড়ি ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করে গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে যেখানে–সেখানে পার্কিং ও যাত্রী ওঠানো–নামানো বন্ধ করতে হবে।
ঢাকা।