চিঠিপত্র

সড়ক সংস্কার

মধুবাগ ঝিলপাড়-ওয়্যারলেস সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করে। বিশেষ করে, হাতিরঝিল সড়ক চালু ও মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণকাজ শুরু হওয়ার পর বহু মানুষ মগবাজার মোড় এড়াতে এ সড়ক ব্যবহার করছে। ফলে এ সড়ক দ্রুতই বেহাল হয়ে পড়েছে। ২০১২ সালে একবার সংস্কার করা হলেও এর মধ্যে তা ভেঙেচুরে গেছে। সড়কে চলাচল করা এখন খুবই কষ্টকর হয়ে উঠেছে। বৃষ্টি হলে তো অবস্থা আরও করুণ হয়ে ওঠে। রিকশা-অটো উল্টে যাওয়ার উপক্রম হয়। মানুষের দুর্ভোগের কোনো অন্ত নেই।
সবকিছু বিবেচনা করে এ সড়কটি ভেঙে নতুন করে নির্মাণ করা জরুরি। শুধু কার্পেটিং করলেই হবে না। বিষয়টি ভেবে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
আবুল হাসান, মধুবাগ, ঢাকা।