চিঠি

বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া হোক শিক্ষার্থীবান্ধব

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশে গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু হয়েছে। তৃতীয়বারের মতো এবার ২০ মে থেকে ৩ জুন ২০২৩ পর্যন্ত গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শঙ্কার বিষয়, এখন পর্যন্ত কয়েক ধাপে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও দুই হাজারের বেশি আসন ফাঁকা রয়েছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই চোখেমুখে একরাশ স্বপ্ন ছোঁয়ার আকাঙ্ক্ষা নিয়ে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করতে হাড়ভাঙা পরিশ্রম শুরু করেন। যাঁরা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে পারেন, তাঁদের সৌভাগ্যবান মনে করা হয়। সেখানে কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশের পরও দুই হাজারের বেশি আসন ফাঁকা, তা মোটেই সুখকর নয়। তাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের এমন দুর্দিনের নেপথ্যে কারণ অনুসন্ধান করা জরুরি।

স্বাধীনতার অর্ধশত বছরে আমাদের দেশ শিক্ষা খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তবে উচ্চশিক্ষায় শিক্ষার্থীর তুলনায় দেশে বিশ্ববিদ্যালয়গুলোয় আসনের সংখ্যা খুবই সীমিত। প্রতিবছর উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১২ থেকে ১৪ লাখ হয়ে থাকে। কিন্তু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়সহ সব মিলিয়ে আসনসংখ্যা ৫০ থেকে ৬০ হাজার মাত্র। এই সীমিত আসনের মধ্যে শিক্ষার্থীদের নিজের জন্য একটি আসন নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষা দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে হয়।

ভর্তি পরীক্ষার মৌসুমে বেশ কিছু অমানবিক দৃশ্য দেখা যায়। শিক্ষার্থী ও অভিভাবককে আজ ঢাকা, কাল রাজশাহী, পরদিন চট্টগ্রাম—এভাবে দেশের এক প্রান্ত হতে অপর প্রান্তে ছোটাছুটি করতে হয়। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি অসুস্থতা ও পরিবারের দুশ্চিন্তার শেষ নেই। এই দুশ্চিন্তা, হয়রানি ও ভোগান্তি দূর করার লক্ষ্যে বাংলাদেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় এক যুগে গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু করেছে। গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা নিজ শহরে অবস্থান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফলে ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

এ জন্য গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে আলাদা না হয়ে কীভাবে শিক্ষার্থীবান্ধব করা যায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। সর্বোপরি, গুচ্ছপদ্ধতির ভর্তি প্রক্রিয়ার ধীরগতি, বারবার মাইগ্রেশন ও ভর্তির জটিলতা দূর করে শিক্ষার্থীবান্ধব পদ্ধতি নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশিত।

গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ সাধন করা। কিন্তু বাস্তবতা লক্ষ করলে দেখা যায়, এতে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আর্থিক দিক বিবেচনায়ও গুচ্ছপদ্ধতির পরীক্ষায় বেশ জটিলতা রয়েছে। শুরুতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সময় একবার টাকা দিয়ে ভর্তি ফরম কিনতে হয়েছে। ভর্তির সুযোগ পাওয়ার পর আবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটের জন্য আলাদা করে টাকা দিয়ে ফরম কিনতে হয়। ফলে ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী চাইলেও সব বিশ্ববিদ্যালয় থেকে ফরম কিনতে পারছেন না। বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা হতাশা ও সিদ্ধান্তহীনতায় পড়ে যান।

এ ছাড়া গুচ্ছপদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার ধীরগতি লক্ষণীয়। প্রতিটা বিশ্ববিদ্যালয় নিজেদের মতো মেধাতালিকা প্রকাশ করে। ফলে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ সময়ের প্রয়োজন। গুচ্ছপদ্ধতিতে একজন শিক্ষার্থী কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করায় মাইগ্রেশন হলে বেশ ভোগান্তি পোহাতে হয়। পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিল এবং নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর্থিক ক্ষতি ও মানসিক অস্থিরতা দেখা যায়। এ ছাড়া গুচ্ছপদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার ফলে বিশ্ববিদ্যালয়গুলোয় দীর্ঘমেয়াদি সেশনজটের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি ভর্তি কার্যক্রম ও আসন পূরণ না হওয়া এর অন্যতম কারণ।

এসব প্রতিবন্ধকতার জন্য ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছপদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছিল কয়েকটি বিশ্ববিদ্যালয়। গুচ্ছপদ্ধতির ভর্তি প্রক্রিয়ার মতো বিশাল আয়োজনে শুরুতে কিছু প্রতিবন্ধকতা থাকবে, এটি স্বাভাবিক। তবে এসব প্রতিবন্ধকতা কীভাবে দূর করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাবতে হবে। এবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে গুচ্ছপদ্ধতিতে অন্তর্ভুক্ত করার দাবি উঠছে, যা প্রশংসনীয়। এ জন্য গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে আলাদা না হয়ে কীভাবে শিক্ষার্থীবান্ধব করা যায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। সর্বোপরি, গুচ্ছপদ্ধতির ভর্তি প্রক্রিয়ার ধীরগতি, বারবার মাইগ্রেশন ও ভর্তির জটিলতা দূর করে শিক্ষার্থীবান্ধব পদ্ধতি নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশিত।

মো. সাইফুল মিয়া
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ইমেইল: syfulmia888@gmail.com