যেকোনো সৃজনশীল কাজ আত্মতুষ্টির পাশাপাশি অন্যকেও উপার্জনের পথ বাতলে দেয়। হোক সেটা গান, আবৃত্তি, নাচ, কবিতা বা ছড়া লেখা কিংবা আবিষ্কারের মতো সৃজনশীল কাজ। আবার আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই বিভিন্ন অনলাইনভিত্তিক কাজ, যেমন ফ্রিল্যান্সিং, ইউটিউব ভিডিও কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওসহ আরও অনেক কাজ করছেন।
এসব কাজ বিনোদনের পাশাপাশি রোজগারেরও একটা মাধ্যম। অনেকেই আবার উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমাদের চারদিকে দৃষ্টি দিলে এমন হাজারো স্বপ্নবাজ তরুণ-তরুণী দেখতে পাই, যাঁরা নিজেদের প্রতিভা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন এবং অন্যদের তাঁর কাজের মাধ্যমে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন।
স্বপ্নবাজ ও উদ্যমী এই মানুষদের আরও এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটু উৎসাহ ও মানসিক সাপোর্ট। পরিবার, সমাজ, বন্ধুবান্ধবসহ চারপাশের সবার ভরসা ও অনুপ্রেরণা তাঁদের কাজকে আরও ত্বরান্বিত করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব স্বপ্নবাজের কাজে উৎসাহ প্রদান না করে বরং তাঁদের নানাভাবে উপহাস ও হেয় করা হয়। গায়ক, কবি, আবৃত্তিকার, লেখক, উদ্যোক্তা, ইউটিউবারসহ নানা শব্দে ব্যঙ্গ–বিদ্রূপ করা হয়। এ কারণে তাঁরা কাজের উৎসাহ হারিয়ে ফেলেন।
অনেকে তাঁদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যান, কেউ কেউ হীনম্মন্যতা ও মানসিক সমস্যায় ভোগেন। এতে একটি স্বপ্নবাজের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। ধ্বংস হয়ে যায় একটি সম্ভাবনাময় জীবন। অথচ তাঁদের যদি একটু উৎসাহ ও মানসিক সাপোর্ট দিয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হতো, তাহলে কাজের মাধ্যমে নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারতেন, তেমনি জাতিকেও ভালো কিছু উপহার দিতে পারতেন। এতে কিছু বেকার ও কর্মহীন মানুষের কর্মসংস্থানের সৃষ্টির হতো। তাই আমাদের উচিত এসব স্বপ্নবাজ ও উদ্যমী মানুষকে উপহাস না করে বরং উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া।
সুমন ইসলাম
শিক্ষার্থী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া