চিঠিপত্র

পঞ্চগড়ের পাথরশ্রমিকেরা ভালো নেই

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মীরগড় গ্রামে করতোয়া নদী থেকে চলে পাথর উত্তোলন। নদীর স্রোতের সঙ্গে আসে নানান রকমের পাথর। এ ছাড়া ওখানকার মাটির বিশেষ গুণের কারণেও পাথর তৈরি হয়। ওখানকার মানুষের জীবন ও জীবিকা চলে এই পাথরের ওপর নির্ভর করে।

সরকারি বিএল কলেজের (খুলনা) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা মাঠকর্ম প্রতিবেদনের জন্য পাথরশ্রমিক বা পাথরশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর আর্থসামাজিক জরিপ করে জানতে পারেন, তাঁদের দৈনিক মজুরি বেশির ভাগ ৫০০ টাকা। এই স্বল্প মজুরিতে তাঁদের সংসার চালানো কষ্টকর।

তাঁরা এই তীব্র শীতের মধ্যেও নদীতে নেমে যান পাথর সংগ্রহ করেন। সারাক্ষণ নদীতে ডুবে পাথর সংগ্রহ বা পাথর ভাঙার কাজের কারণে তাঁরা নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছেন, যেমন শ্বাসকষ্ট, সর্দিজ্বর, এমনকি প্রাণঘাতী সিলিকোসিস। তাঁরা জানান, তাঁদের যথাযথ চিকিৎসাসেবা ও সরকারি কোনো সুযোগ-সুবিধাও পান না।

পাথরশ্রমিকদের দাবি হচ্ছে যথাযথ ন্যায্য মজুরি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা। তাঁদের দাবি পূরণের জন্য সরকার, প্রশাসন ও পাথরশিল্পের মালিকদের যথাযথ সহায়তা কামনা করি।

বিলকিস নাহার

শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা।