চিঠিপত্র

নবীন শিক্ষার্থীদের বলছি, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি হতে সাবধান

দিন যত যাচ্ছে প্রযুক্তির কল্যাণে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, কর্মসংস্থান ইত্যাদিতে আমূল-পরিবর্তন সাধিত হচ্ছে। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার এবং হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে সকল ধরনের সেবা পাওয়া যাচ্ছে। প্রযুক্তির উন্নতির ফলে অনেক পেশার বিলুপ্তি ঘটেছে এবং অনেক নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে। চাইলেই হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে টাকা আয় ও চাকরির আবেদন করা যাচ্ছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আসার পরে লাখ লাখ মানুষ বেকার হয়েছে এবং এরই সাথে রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চাকরি হারা মানুষসহ সর্বস্তরের মানুষ দিশেহারা অবস্থায় পড়েছে। মানুষের জীবন-সংসার চালাতে দরকার একটা চাকরির। তাই প্রতিটি চাকরিপ্রত্যাশী ব্যক্তি ছুটছেন চাকরির পেছনে; কোথায় পাওয়া যায় ভালো বেতনের চাকরি। তাই এরই সুযোগ নিয়ে কিছু অসাধু অনলাইন চক্র মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার করে যাচ্ছে। ফলে একজন চাকরিপ্রত্যাশী ব্যক্তি এই প্রতারণার ফাঁদে পা দিয়ে তাদের সর্বস্ব হারাচ্ছেন।

প্রথমে এই প্রতারক চক্রের দল বিভিন্ন নামী-দামি ব্যবসা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া সার্কুলার দিয়ে থাকে এবং নিজেদের ব্যক্তিগত নম্বর দিয়ে চাকরির আবেদন করার টাকা পরিশোধ করতে বলে। পরবর্তীতে পোস্টিং-এর নাম করে বিভিন্ন মেয়াদে ধাপে ধাপে ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। প্রতারক চক্র নিজেদের অফিস হিসেবে ভুয়া ফ্ল্যাট বাসার ঠিকানা ব্যবহার করে। যদি ঠিকানা অনুযায়ী যাওয়া হয় দেখা যায় সেখানে কোনো অফিস নেই বা প্রথমে চাকরির আবেদন ফর্ম জমা দিতে গিয়ে অস্থায়ীভাবে সাজানো অফিস দেখতে পেলেও পরবর্তীতে পোস্টিংয়ের নাম করে টাকা হাতানোর পর অভিযোগ করতে গেলে দেখা যায় অফিস সেখানে নেই। প্রতারক চক্র সবকিছু গুটিয়ে এবং সমস্ত মুঠোফোন নম্বর বন্ধ করে দিয়ে হাওয়া। এমতাবস্থায় প্রতারণায় শিকার হওয়া ব্যক্তি নির্বাক হয়ে যান।

তাই এ-ধরনের  প্রতারণার শিকার যেন না হতে হয় এ জন্য আমাদের সচেতন হতে হবে। মূলত এ ধরনের প্রতারণার বেশি শিকার হন গ্রাম থেকে উঠে আসে সহজ-সরল নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র ঘরের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে শহরের বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হন। দরিদ্র পরিবার তার পড়াশোনা খরচ চালাতে হিমশিম খাবে এ কথা জেনেও শহরে এসে পড়াশোনা করার মতো চ্যালেঞ্জ হাতে নেন। তাঁরা মনে করেন পড়াশোনা করার পাশাপাশি পার্ট-টাইম জব বা টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালিয়ে নেবেন, কিন্তু শহরে এসে দেখে সবকিছু উল্টো। তাঁরা বাস্তবে দেখেন পার্ট-টাইম জব বা টিউশনি দুইটার হাটই মহার্ঘ। তাঁরা বুঝতে পারেন শহরে পার্ট-টাইম জব বলতে কিছুই নেই; যা আছে যৎসামান্য, সব ফুলটাইম জব, পার্ট-টাইম বলে চালিয়ে দেওয়া হয়।

একদিকে পরিবার থেকে পড়াশোনা খরচ দিতে পারছে না, অপরদিকে নিজেও নিজের খরচের টাকা আয় করতে না পেরে একজন শিক্ষার্থী হতাশার চরম পর্যায়ে চলে যায়। ফলে এমতাবস্থায় একজন শিক্ষার্থী এসব প্রলোভন দেখানো চাকরিতে পা দিয়ে প্রতারণার শিকার হন। তাই মফস্বল থেকে উঠে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীদের এ বিষয়ে সর্বোচ্চ  সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সাত কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস। বিপুলসংখ্যক শিক্ষার্থী ঢাকামুখী হচ্ছে। এসব নবীন শিক্ষার্থীদের সতর্ক হতে হবে এবং সতর্ক করতেও হবে। পরিবার থেকে এ সব বিষয়ে অবগত করতে হবে। শ্রেণিশিক্ষকদেরও একজন শিক্ষার্থীকে এ বিষয়ে সচেতন করতে হবে।

শুধু শিক্ষার্থী নয়, আগেই আলোচনা করা হয়েছে এ ধরনের প্রতারণার শিকার হচ্ছে সকল চাকরিপ্রত্যাশী মানুষ। তাই প্রতিটি চাকরিপ্রত্যাশী মানুষকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। চাকরির সার্কুলার সত্যতা যাচাই করে আবেদন করতে হবে। যদি কোনো ব্যক্তি প্রতারিত হন তাহলে বিলম্ব না করে আইনের সহায়তা নিতে হবে। ইতিমধ্যে দেশের আইনশৃঙ্খলা বাহিনী এসব প্রতারকদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাই আমরা দুর্ভাগ্যবশত প্রতারণার শিকার হলে অবশ্যই আইনের শরণাপন্ন হব।

শেখ আব্দুল্লাহ
ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।
ই-মেইল: sheikhabdullah22382@gmail.com