চিঠি
চিঠি

চিঠিপত্র

নিয়োগ পরীক্ষা দিতে ভোগান্তি

প্রতি শুক্রবার ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে চাকরিপ্রত্যাশীরা পরীক্ষা দিতে ঢাকা শহরে আসেন।

চাকরিপ্রত্যাশীদের ব্যক্তিগত প্রয়োজনে মুঠোফোন, ফাইলপত্র, ছোট ব্যাগ ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হয়। কিন্তু দেখা যায় পরীক্ষার কেন্দ্রে এগুলো নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ফলে পরীক্ষার্থীদের পেরেশানি ও ভোগান্তির শিকার হতে হয়। তা ছাড়া কিছু কিছু পরীক্ষাকেন্দ্রের বাইরে টাকা দিয়ে মুঠোফোন ও অন্যান্য সরঞ্জাম জমা রাখা গেলেও পরীক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগেন।

এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে শিক্ষার্থীদের জন্য সুফল ও স্বস্তিদায়ক হবে।

চাকরিপ্রত্যাশীদের এই ভোগান্তি নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।

নীরব মোস্তফা

কিশোরগঞ্জ