চিঠিপত্র

খাল সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া সমাধান কী করে সম্ভব

বন্দরনগরী চট্টগ্রাম শহরকে পরিচালনাকারী দুটি বৃহৎ সংস্থা হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা যেন আজন্ম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর কাছে। এ বিষয়ে জানতে চাইলে সিডিএকে দোষারোপ করে চসিক, আবার চসিকের কথায় একমত পোষণ করে না সিডিএ। চসিক এবং সিডিএর মধ্যে সব সময়ই বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে।

সিডিএর অভিযোগ, চসিককে বারাইপাড়া খাল খনন ও সংস্কার করতে বলা হয়েছে। কিন্তু ১০ বছরেও চসিক তা করে দেখাতে পারেনি। চসিকের অভিযোগ, সিডিএর ৫ হাজার ৬০০ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। কিন্তু সিডিএ সেটার বাস্তবায়ন করতে পারছে না।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং তৎকালীন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের একান্ত প্রচেষ্টার কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের বাজেট পাস হয়। ওই ৫ হাজার ৬০০ কোটি টাকার বাজেটের সময়কাল ছিল চলতি বছরের জুন পর্যন্ত। কিন্তু এ বাজেটের সময়কাল পেরিয়ে গেলেও তা বাস্তবায়নের কোনো প্রতিকার মেলেনি।

৫ হাজার ৬০০ কোটি টাকার বাজেট পাস হলেও বাস্তবে ৩ হাজার ৩০০ কোটি টাকা এসেছে। এ টাকার কাজ শেষে বাকি খাল উদ্ধার করতে হলে বেশির ভাগ জায়গা অধিগ্রহণের প্রয়োজন। আর এই অধিগ্রহণপ্রক্রিয়ায় দাম তৎকালীন দেড় গুণের জায়গায় তিন গুণ হয়েছে। ফলে প্রকল্পের খরচ আরও বেড়ে গেছে। এখন আরও বড় বাজেটের প্রকল্প প্রক্রিয়াধীন আছে। তবে পূর্বের বাজেটের সঙ্গে বর্তমান ও পরবর্তী প্রকল্পের বাজেটের সমমুখী সম্পর্ক না হলে চট্টগ্রামের জলাবদ্ধতার অভিশাপ কখনোই লাঘব হবে না।

সিডিএ এবং চসিকের এই বৈপরীত্য শুধু বাজেট বাস্তবায়ন, জলাবদ্ধতা নিরসনগত সমস্যা নয়। তাদের মূল সমস্যা হচ্ছে অর্থনৈতিক এবং সেখানে মনস্তাত্ত্বিক কোন্দলগত সমস্যাও বিরাজ করছে। যেহেতু চসিক এবং সিডিএ—দুই সংস্থার প্রধান সমন্বয়কারী হলেন রাজনৈতিক দলের নেতা। তাই তাঁদের মধ্যে অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক কোন্দল বিরাজ করে। আবার উক্ত দুই সংস্থার মধ্যেও বিভিন্ন সমস্যা দেখা দেয়।

আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা, যা আদৌ নিরসন হবে কি না, এমন প্রশ্ন নগরবাসীর মনে থেকেই যায়। এই জলাবদ্ধতার সমস্যার সমাধান নিয়ে তাই সন্দেহ থেকেই যায়। কারণ হলো সমস্যাগুলো দীর্ঘমেয়াদি, যা মুখে বলা হলেও বাস্তবায়ন খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আমি মনে করি, যদি এই প্রজেক্টের কাজ চসিককে দেওয়া হতো, তাদের নালা-নর্দমা করার অভিজ্ঞতা আছে; তারা করত। তারা এই জলাবদ্ধতা নিরসন প্রজেক্টের কাজ করলে হয়তো দ্রুতই তা সম্পন্ন করতে পারত। আবার বাস্তবে করতে গেলে হয়তো তা বলা যায় না। আবার এই বিষয়ে সিডিএর অভিযোগের তীর চসিকের দিকে। বরাবরই সিডিএর অভিযোগ, চসিক ১০ বছরেও বারাইপাড়া খাল খনন ও সংস্কার করতে পারেনি, তারা আবার এত বড় বাজেটের কাজ কীভাবে করবে?

বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতার অভিশাপ আদৌ দূর হবে কি না, আমি সন্দিহান।
স্বাভাবিকভাবে মানুষ ময়লা নিয়ে নালা-নর্দমায় ফেলেন। সেই ময়লাই তো ভালোমতো পরিষ্কার করা হচ্ছে না। নালা-নর্দমাও পরিষ্কার করা যাচ্ছে না।

এই ময়লাই চট্টগ্রাম নগরীর জন্য আজন্ম অভিশাপ। কিন্তু উন্নত দেশগুলোতে ময়লা অভিশাপ নয়, তাদের জন্য এই ময়লা আশীর্বাদ। কারণ, সেখানে মানুষ বাসাবাড়ির ময়লা কেজি হিসেবে বিক্রি করতে পারেন। কিন্তু আমাদের দেশে ময়লা বিক্রি করার সুযোগ তো দূরের কথা, বাসাবাড়ির ময়লা নির্দিষ্ট কোথাও ফেলার ব্যবস্থা বা পরিকল্পনাও এখনো গড়ে ওঠেনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনে গার্মেন্টস রিসাইকেল প্ল্যান করার জন্য অনেক প্রজেক্ট এসেছে বিভিন্ন ধরনের। তাদের নিজেদের টাকা দিয়ে করে দেবে বললেও চসিক সেই বাজেট বাস্তবায়ন করতে পারেনি। এদিকে চট্টগ্রাম নগরীতে ময়লা ফেলার জায়গার সংকট দেখা দিয়েছে। কেউ কেউ তো ময়লা ফেলছেন রাজপথে। এভাবে ময়লার স্তূপের আকার পাহাড়ের রূপ ধারণ করে। এই ময়লাগুলো পাহাড়সমান স্তূপ হয়ে গেলেও তার কোনো যথাযথ নিরসন পরিকল্পনা ঠিক হচ্ছে না।

যতক্ষণ পর্যন্ত চসিক গার্মেন্টস রিসাইকেল প্ল্যান করবে না, ততক্ষণ পর্যন্ত নালা-নর্দমা, ড্রেন পরিষ্কার করা সম্ভব হবে না। আর নগরবাসীর জলাবদ্ধতার অভিশাপও দূর হবে না।
এই গার্মেন্টস রিসাইকেল প্ল্যানের আদলে যা যা থাকছে—

১. বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
২. জাপানি কোম্পানি বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে।
৩. মানুষের বাসাবাড়ি থেকে ময়লা ক্রয় করা হবে।

এ ছাড়া জানা যায়, গার্মেন্টস রিসাইকেল প্ল্যানে যে পরিমাণ ময়লা প্রয়োজন হবে, সেই পরিমাণ ময়লা চট্টগ্রাম নগরবাসী জোগান দিতে পারবে না। এসব সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের নাগালে থাকা সত্ত্বেও আমরা গার্মেন্টস রিসাইকেল প্ল্যান বাস্তবায়ন করতে পারছি না। যতক্ষণ এই প্ল্যান বাস্তবায়ন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত দীর্ঘ মেয়াদে নালা-নর্দমা বা ড্রেন পরিষ্কার করা সম্ভব হবে না। নালা-নর্দমা, ড্রেন অপরিষ্কার থাকবে। অর্থাৎ, অপরিষ্কার নালা-নর্দমা ও ড্রেনের কারণে প্রতিনিয়তই এভাবে জলাবদ্ধতার স্বীকার হবে চট্টগ্রামের নগরবাসী।

নগরীর নিম্নাঞ্চলের পানি নেমে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে চাকতাই খাল। সম্প্রতি চাক্তাই খালে স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। কিন্তু পানি নামার জায়গাটা খুবই সংকুচিত করে ফেলা হয়েছে। যেখানে নৌকা যাতায়াতে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে। এই স্লুইস গেট পুনর্নির্মাণের কোনো সুযোগ নেই। এদিকে নিম্নাঞ্চলের পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। যেহেতু পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে ময়লা জমে যাবে। এভাবে ময়লা জমতে জমতে একসময় স্তূপের সৃষ্টি হবে। এর ফলে পানি নামার পথে আরও বাধার সৃষ্টি হবে। আর এতে জলাবদ্ধতার সমস্যা নগরজীবনে বিরূপ প্রভাব ফেলবে।

অন্যদিকে চাক্তাই খালের তলা পাকা করেও বিশাল অর্থ খরচ করা হয়েছে। ৫ হাজার ৬০০ কোটি টাকায় নগরীর জলাবদ্ধতা নিরসনের কাজের কথা থাকলেও ৩ হাজার ৩০০ কোটি টাকার যে কাজ হয়েছে, তা-ও দৃশ্যমান নয়।

মূল কথা হচ্ছে, আমাদের জলাবদ্ধতা নিরসনে কাজ করে সিডিএ, চসিক, পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াসা। কাজ হচ্ছে একটি, আর সংস্থা চারটি। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে কাজ করে, তাহলে এই সমস্যা কেন? তারা কি আদৌ সমন্বয়ের ভেতরে কাজ করে, নাকি সমন্বয়হীনতার মধ্য দিয়ে কাজ করে? এসব প্রশ্ন এখন নগরবাসীর মনে দানা বেঁধে আছে।

আমি মনে করি, এই জলাবদ্ধতার সমস্যা নিরসনের দায়িত্ব যেকোনো একটি প্রতিষ্ঠানকে দেওয়া উচিত। নয়তো হাজার হাজার কোটি টাকা খরচ করলেও চট্টগ্রাম শহরের এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে না।

সর্বোপরি গার্মেন্টস রিসাইকেল প্ল্যান বাস্তবায়ন করা, কাজের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক দূরত্ব দূর করা, নালা-নর্দমা ও ড্রেনে মানুষের ময়লা ফেলা বন্ধ করা—ইত্যাদি যদি শেষ করতে না পারি, তাহলে আমরা কখনোই জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে পারব না।

এস এম রাহমান

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
mizanrahmanbns@gmail.com