চিঠিপত্র

বিনা মূল্যের পাঠ্যবই বাজারে কেন

কয়েক বছর ধরে সরকার প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যের পাঠ্যবই সরবরাহ করে আসছে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সালে সরকার বিনা মূল্যে এসব বই বিতরণের সিদ্ধান্ত নেয়। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হতো এসব নতুন বই, যেসব বইয়ের একটি বড় অংশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ছাপাখানা থেকে ছাপিয়ে আনা হতো। কিন্তু গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে বই ছাপিয়ে আনার টেন্ডার বাতিল করে নতুন সরকার। এ ছাড়া কয়েকটি শ্রেণির বইয়ের পাণ্ডুলিপি সংশোধন ও পরিমার্জনের জন্যও বেশ কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে সংশ্লিষ্টদের। যার ফলে বছরের প্রথম দিন বিদ্যালয়গুলোয় বই উৎসব অনুষ্ঠিত হলেও সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি।

এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও বছরের শুরুতে বই না পেয়ে কিছুটা হতাশ হয়েছেন। ফলে নতুন বইয়ের জন্য তাঁরা উদ্‌গ্রীব হয়ে ছোটাছুটি শুরু করেছেন। আর এ সুযোগ লুফে নিতে একশ্রেণির অসাধু শিক্ষা কর্মকর্তা ও ব্যবসায়ী ছাপাখানা থেকে অসৎ পথ অবলম্বন করে বই বাজারে আনছেন। রাজধানীর নীলক্ষেত, বাংলাবাজারসহ বেশ কয়েক জায়গায় এসব বিনা মূল্যের পাঠ্যবই হরহামেশাই বিক্রি হচ্ছে। এতে শহরের অভিভাবকেরা টাকার দিকে না তাকিয়ে দ্রুত সময়ের মধ্যে সন্তানদের হাতে বই তুলে দিতে বাজার থেকে বিনা মূল্যের পাঠ্যবই কিনছেন।

ফলে একদিকে যেমন ছাপাখানা থেকে অসৎভাবে বিনা মূল্যের বই বেশি দামে বাজারজাত হচ্ছে; অন্যদিকে বইয়ের সংকট কাটিয়ে উঠতে বেশ সময় লেগে যাচ্ছে। এদিকে নতুন বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করলেও কোনোভাবেই গ্রামের অভিভাবকেরা বইয়ের নাগাল পাচ্ছেন না। ফলে সরকারিভাবে আসা বইয়ের দিকে তাঁদের তাকিয়ে থাকতে হচ্ছে। এ জন্য যেকোনো মূল্যে এসব কালোবাজারি ঠেকাতে হবে। তা না হলে আরও দু–এক মাসের মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে না।

এতে সব পাঠ্যবই হাতে পেতে অপেক্ষা দিন দিন দীর্ঘ হচ্ছে। এ জন্য ফেব্রুয়ারি-মার্চের ভেতর শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার জন্য সরকারের এ–সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। পাশাপাশি অতিরিক্ত দাম দিয়ে বই কেনা থেকে অভিভাবক, শিক্ষার্থীরা বিরত থাকলে সরকারের বেঁধে দেওয়া পরবর্তী সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে।

আমরা দেখেছি, কয়েক বছর ধরে সরকার বেশি দাম দিয়ে ভারত থেকে বই ছাপিয়ে এনেছে। এতে একদিকে যেমন বইয়ের পেছনে বেশি টাকা ব্যয় হয়েছে, অন্যদিকে আমাদের ছাপাখানাগুলোও দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে ক্ষতির মুখে পড়ে ব্যবসা গুটিয়ে নিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর এবার প্রাথমিক ও মাধ্যমিকের সব পাঠ্যবই ছাপা হচ্ছে দেশের ছাপাখানায়।

এতে সময় বেশি লাগলেও লাভবান হয়েছে আমাদের ছাপাখানাশিল্প। বেশির ভাগ সময় দেখা যায়, মে-জুন মাসে বই ছাপার কাজ শুরু হয়, যা নভেম্বরের প্রথম সপ্তাহে বইয়ের অর্ধেক ছাপানো শেষ হয়ে যায়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সব দেশীয় ছাপাখানায় টেন্ডারের প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যায়। তবে সরকার পরিবর্তনের পর সিলেবাসসহ পরিমার্জন করে বইয়ের কাজ হাতে পাওয়ায় এ বছর কিছুটা দেরি হলেও পরবর্তী বছর থেকে তা স্বাভাবিক হবে বলে আশা রাখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যেহেতু বিশেষ একটি পরিস্থিতির কারণে আমাদের এ সংকট দেখা দিয়েছে, সেহেতু শিক্ষকসহ অভিভাবকদেরও এটা মেনে নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সব ছাপাখানা থেকে যাতে বই বিভিন্ন বইয়ের দোকানে না গিয়ে স্বল্প সময়ের মধ্যে সরকারিভাবে প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যায়, সে ব্যাপারে কর্তৃপক্ষের আরও সচেতন হতে হবে। আমরা দেখেছি, বিনা মূল্যের এসব পাঠ্যবই বাজারে যাওয়ার পেছনে কিছু সরকারি কর্মকর্তারও হাত থাকে। বিশেষ করে জেলা বা উপজেলা শিক্ষা অফিস থেকে বইয়ের অতিরিক্ত চাহিদা দেখানো হয়, যেখান থেকে বেশি দামে কিছুসংখ্যক বই কালোবাজারে চলে যাচ্ছে।

এর বাইরে অনেক ছাপাখানার মালিক অতিরিক্ত দাম পাওয়ায় সরকারকে না দিয়ে বাইরে বই বিক্রি করে দিচ্ছেন। এতে সব পাঠ্যবই হাতে পেতে অপেক্ষা দিন দিন দীর্ঘ হচ্ছে। এ জন্য ফেব্রুয়ারি-মার্চের ভেতর শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার জন্য সরকারের এ–সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। পাশাপাশি অতিরিক্ত দাম দিয়ে বই কেনা থেকে অভিভাবক, শিক্ষার্থীরা বিরত থাকলে সরকারের বেঁধে দেওয়া পরবর্তী সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে।

  • রিয়াদ হোসেন, শিক্ষার্থী
    সরকারি বিএল কলেজ, খুলনা।