আসুন, আমরা পরীক্ষার হলে নকল করি। শিল্পবাজারেও নকল করতে পারেন, তবে সেখানে আইনের হাতে পড়লে জেল-জরিমানা হবে বৈকি! কিন্তু পরীক্ষার হলে নকলে আপাতত আমলাতান্ত্রিক জটিলতা নেই।
আপনি একজন তুখোড় মেধাবী শিক্ষার্থী। কিন্তু পরিতাপের বিষয়, কোনো শিক্ষক আপনার প্রতিভাকে উদ্ভাসিত করার পথ আবিষ্কার করতে পারেননি। নিজেকে মহান বা সেরা করার প্রয়াসে আপনি যে চৌর্যবৃত্তির পথ অবলম্বন করেছেন, সেখানে পরীক্ষায় পাহারায় হল পরিদর্শকদের নীরব ভূমিকা, কিংবা শরীরের ভাঁজে লুকিয়ে রাখা অথবা বস্ত্রের আবরণে চিরকুটের সমগ্র আপনাকে এই যাত্রায় সফল করবে অবশ্যই।
বিশ্ববিদ্যালয়ের একজন হল পরিদর্শক হিসেবে যখন রাষ্ট্রের দরিদ্র, দিনমজুর, মজলুম জনতার করের অর্থে আপনার রুটিরুজির উপায় হচ্ছে, সেই সূত্রে, সেই দায়ও নরম সুতার ঘুড়ির মতো না হয়ে উত্তাল সমুদ্রে জাহাজের নোঙরের মতোই হওয়া উচিত।
এখন আসি আপনার ওই নকলরত শিক্ষার্থীর কথায়, যিনি এভাবেই বছরের পর বছর চোখধাঁধানো ফলাফল করে আসছেন। প্রতি ক্লাসে বিভিন্ন হল পরিদর্শকেরা, যাঁরা মূলত শিক্ষক, তাঁরা তাঁর প্রশংসার ফুলঝুরি ছোটালেন, বাহবা দিলেন, পরীক্ষার হলের মতোই এখানে হল পরিদর্শকেরা আরেকটি অপরাধ করলেন; পক্ষান্তরে নকলের পুনরাবৃত্তির জন্যও উৎসাহ জোগালেন।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ উপাদান বা ব্যক্তি, সেটা প্রথমে অনুধাবন করা প্রয়োজন। পুরো দুনিয়ায় ইউরোপ-আমেরিকার সাম্রাজ্যবাদী শক্তি আর পুঁজিবাদী শক্তি জ্ঞান-গরিমা আবিষ্কারে পুরো বিশ্বকে বহুমাত্রিক শাসনের যে ব্যবস্থা গড়ে তুলেছে—সেটার পেছনে ওই সমস্ত দেশের বিশ্ববিদ্যালয়ের বিদ্যার পঠনপাঠন পদ্ধতির যে অনস্বীকার্য অবদান রয়েছে, সেটা সন্দেহাতীত।
এডওয়ার্ড ডব্লিউ সাঈদ তাঁর ‘ওরিয়েন্টালিজম’ গ্রন্থে দেখান, ইউরোপীয়রা নতুন অঞ্চলে শাসনের পূর্বে ওই অঞ্চলের সাহিত্য, ভৌগোলিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস নিয়ে ব্যাপক পর্যালোচনা করত এবং ওই সমস্ত অঞ্চলের লোকায়ত মনস্তাত্ত্বিক শাসনপদ্ধতির রহস্য উদ্ঘাটন করত। আরবীয় প্রাচ্যতত্ত্ব, এশিয়ার প্রাচ্যতত্ত্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, এশিয়াটিক সোসাইটি—এসব হচ্ছে তারই ফসল।
স্বাধীনতার ৫০ বছর পেরিয়েও কি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ওই মানদণ্ডের কাছাকাছি পৌঁছাতে পেরেছে? তথাকথিত পুঁজিবাদী মডেলের র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান হাজারের মধ্যে আসা–যাওয়া করে। বিজ্ঞজনদের কাছে এই অবস্থান কি সন্তুষ্টিজনক? বিভিন্ন চড়াই-উতরাই, প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে যাঁরা জ্ঞানের আকাঙ্ক্ষা নিবারণের উদ্দেশ্যে এখানে ভর্তি হন, তাঁরাও কি সেটা পূরণ করতে পারেন?
মো. আনিসুর রহমান তাঁর ‘পথে যা পেয়েছি’ গ্রন্থে লেখেন, ‘কোর্সের মাঝামাঝি এক সময়ে লিয়নতিয়েফ একটা ট্রায়াল টেস্ট দিলেন। বললেন, এটার রেজাল্ট কাউন্ট হবে না, এটা দিচ্ছেন তাঁর প্রশ্নের ধরন এবং কী রকম উত্তর তিনি পছন্দ করেন, সে সম্বন্ধে আমাদের ধারণা দিতে। পরীক্ষা মনে হলো খুব ভালোই দিলাম, সবকিছুই খুব ভালো করে জানা ছিল। একেকটা প্রশ্নের উত্তরে ১৪ পৃষ্ঠা, ১৬ পৃষ্ঠা ভরে ফেললাম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাসংস্কৃতি অনুযায়ী। খাতা ফেরত পেয়ে অবাক হলাম, গ্রেড পেয়েছি বি+। ভুল কোথায় করলাম? এ কেন পেলাম না? অন্তত এ-? লিয়নতিয়েফ ক্লাসে এলেন আমাদের উত্তরগুলো নিয়ে আলোচনা করতে। প্রশ্নগুলোর স্পেসিমেন উত্তর ব্ল্যাকবোর্ডে লিখে দিলেন। আমি যে প্রশ্নের উত্তরে ১৪ পৃষ্ঠা লিখেছি, সে প্রশ্নের উত্তর তিনি লিখলেন একটি বাক্যে। আরেকটার উত্তর লিখলেন দুটি বাক্যে। বললেন, ‘এইটুকু লিখলেই আমি বুঝব যে তুমি পেরেছ। আর কিছু লেখার প্রয়োজন নেই। আর চিন্তা করার জন্য বেশি সময় নেবে, ৫০ মিনিট; লেখার জন্য কম, ৫ মিনিট। বেশি লিখতে গেলে চিন্তা করবে কখন?’ আরও ‘বিপ্লবী’ কথা বললেন, ‘বেশি পোড়ো না। অন্যের লেখা বেশি পড়লে নিজে চিন্তা করার সময় কখন পাবে? তুমি যত কম অন্যের লেখা পড়বে, তত বেশি অন্যে তোমার লেখা পড়বে।’ (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নোবেল বিজয়ী অধ্যাপক ওয়াসিলি লিয়নতিয়েফ)
এই গ্রন্থ সাধারণ কোনো শিক্ষার্থীকে পড়তে পরামর্শ দিই না। কারণ, কারও হৃদয়ে যদি এই পঙ্ক্তি দুটি গেঁথে যায়, তিনি আর অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারবেন না। ঔপনিবেশিকতার শিক্ষাকাঠামো এখনো আমাদের রন্ধ্রে রন্ধ্রে, যা পশ্চিমাদের মহান করে তোলার জ্ঞান চর্চা করাচ্ছে। পশ্চিমা রসদে এই জ্ঞান বাঙালির কৃষ্টি, কলা, সংস্কৃতিকে জানতে দেয় না। আর এই অদৃশ্য বন্ধন সবাই যে আবিষ্কার করতে পেরেছেন, এমনটাও নয়। আমাদের শিক্ষাপর্ব শুরুই হয় নিজস্ব সংস্কৃতি, ভাবাবেগকে দূরে তাড়িত করে। যেমন স্কুল ড্রেস—একটি কলোনিয়াল পোশাক।
স্বাধীনতাত্তোর বাংলাদেশের গবেষক-বিজ্ঞানী-তাত্ত্বিকদের দ্বারা যে সব আবিষ্কার-তত্ত্বে দেওয়া সম্ভব হয়েছে, তা কি যথাযথ? সন্তোষজনক? এর বিবিধ কারণ থাকতে পারে।
এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ডিপেন্ডেন্সি থিওরি কিংবা কো-পেরিফেরাল মডেল থেকে মুক্তি পাবে না। এই থিওরি মতে, যারা আজ আধুনিক রাষ্ট্রের কাতারে, তারা সমৃদ্ধিশালী হয়েছে অনুন্নত রাষ্ট্রগুলোর ওপর নির্ভর করেই। যেমন পুরো বছরে ইউরোপে যে পরিমাণ পোশাক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, ঠিক কয়েকটি বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি কিনে আমরা সেই অর্থ আবার ইউরোপীয়দের দিয়ে আসি।
এই ডিপেন্ডেন্সি ট্র্যাপ থেকে মুক্তির জন্য দরকার দেশের মেধাবী শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বিত গবেষণাকর্ম। এই উচ্চ গবেষণাকর্মের ফলে শিল্প খাত থেকে কৃষি খাতে যে বৈজ্ঞানিক বিপ্লব সাধিত হবে, সেটা দিয়ে আমরাও হয়তো অদূর ভবিষ্যতে অন্য কোনো দেশের মধ্যেই এই থিওরির চর্চা করব। কিন্তু মেধাবী শিক্ষার্থী থেকে মেধাবী গবেষক তৈরি হবে, এটাই ক্রমযোজিত হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় থেকে প্রথম সারির মেধাবী বাছাই কীভাবে হবে? পরীক্ষাপদ্ধতি? যেখানে হরহামেশাই নকল করে, চৌর্যবৃত্তি করে প্রথম হওয়া যায়! তাঁরাই কি মেধাবী শিক্ষার্থী হয়ে গবেষকের তকমা নিয়ে রাষ্ট্রীয় টাকার শ্রাদ্ধ করবে?
শান্ত জাবালি
শিক্ষার্থী, শহীদ রফিক জব্বার হল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়