প্রতিক্রিয়া

মানহীন শিক্ষাব্যবস্থার মেয়াদোত্তীর্ণ সার্টিফিকেট

সার্টিফিকেট নামক এমবোস কাগজটি হাতে আসার পর একাডেমিক বইগুলো আর কোনো কাজে আসে না, কেজি দরে বিক্রি করা ছাড়া। আমাদের সময় মাধ্যমিক পর্যায় থেকে সব ধরনের বই কিনতে হতো, এখন অবশ্য সে ঝামেলা নেই। ষষ্ঠ শ্রেণি থেকে এ পর্যন্ত আমার সব বই বাড়িতে আছে, শুধু মাস্টার্সের বইগুলো ছাড়া। কারণ, পরীক্ষা শেষে চট্টগ্রাম থেকে আসার সময় বইগুলো আর আনা হয়নি বহন করতে কষ্ট বিধায়। মাঝেমধ্যে বইগুলোর দিকে তাকিয়ে থাকি আর মনে মনে হাসি, এতগুলো বই পড়ার পরও একটা ছোট্ট চাকরির জন্য আবার নতুন জিনিস পড়তে হয়।

পড়তে হয় ‘রানি দ্বিতীয় এলিজাবেথ’ কোন হাসপাতালে কোন সময়ে মারা গেছেন, ইউক্রেনের মুদ্রার নাম কী, হল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী, ‘বুদাপেস্ট’ কোন দেশের রাজধানী, অমুক ব্যক্তি শেক্‌সপিয়ারের কোন নাটকের চরিত্র ইত্যাদি সব উদ্ভট বিষয়। এসব উদ্ভট প্রশ্ন মুখস্থ করতে হলে এত বছর ধরে এতগুলো বই পড়িয়ে লাভটা কী হয়েছে? এখানে প্রকাশনী আর কোচিং মাস্টারের লাভ ছাড়া তো কিছুই দেখছি না।

ইন্টারমিডিয়েটের পর থেকে যদি ‘বুদাপেস্ট’ কোন দেশের রাজধানী, ‘ইউরো’ কোন কোন দেশের মুদ্রার নাম, ‘সনোরা লাইন’ কোন দুটি দেশকে পৃথক করেছে, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ’ কখন কোথায় মারা গেছেন তা পড়ানো হতো, তাহলে সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া সহজ হতো। কিন্তু সেগুলো না পড়িয়ে মোটা মোটা কতগুলো বই পড়িয়ে লাভ কী? গণিতের এত সূত্র বাস্তব জীবনে কোথায় কাজে দিয়েছে কেউ দেখাতে পারবেন? হিসাববিজ্ঞানে এত বড় বড় বই আর কোটি টাকার হিসাব–নিকাশ জীবনের কি উন্নতি করেছে? ইংরেজি গ্রামারের এত এত রুলস পড়তে গিয়ে জীবনের রুট ঠিক করতে পারেননি হাজারো শিক্ষার্থী। ম্যাট্রিক্সের এত জটিল জটিল সমীকরণ পড়ে জীবনের সমীকরণ মেলাতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন হাজারো শিক্ষার্থী।

ফলে কী হয়েছে? হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যখন শিক্ষার্থীরা মঙ্গলগ্রহে বসবাসের স্বপ্ন দেখেন, তখন আমাদের দেশের মেধাবীরা কোন দেশের রাজধানী কী, কোন দেশের মুদ্রার নাম কী, কোন লাইন কোন কোন দেশকে পৃথক করেছে—এগুলো দিন–রাত মুখস্থ করছেন।

অনেকে আমার এসব কথাকে তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দিতে চাইবে, স্বাগত আপনাকে। আমার কথাকে অযৌক্তিক প্রমাণ করে তা ডাস্টবিনে নিক্ষেপ করুন আপত্তি নেই। আমি মেধাবী নই স্বীকার করছি, কিন্তু বিবেকশূন্য নই। বাস্তবতা বুঝতে শিখেছি, বহির্বিশ্ব সম্পর্কে জানতে শিখেছি। শিক্ষা আর জ্ঞানার্জন এগুলো সম্পর্কে ঘাঁটাঘাঁটি করেছি।

আপনি আমাকে যা কিছুই বলেন, আমি এ শিক্ষাব্যবস্থার সঙ্গে একমত নই। জাতীয় ভাষা হিসেবে বাংলা শিখতে হবে। নিত্যপ্রয়োজনীয় হিসাব–নিকাশের জন্য গণিতের প্রয়োজন আছে, তবে এত জটিল–কঠিন করে নয়। ব্যবস্থাপনাকে একাডেমিক ডিসকোর্স থেকে পড়াতে হবে। হিসাববিজ্ঞানের কোনো প্রয়োজনীয়তা দেখছি না। ইতিহাসের প্রয়োজন আছে, তবে তা ব্যক্তিকেন্দ্রিক মুক্ত হতে হবে। ইংরেজির প্রয়োজন বড়দের ক্ষেত্রে ও যাঁরা উচ্চতর শিক্ষা অর্জন করবেন তাঁদের জন্য। উচ্চতর শিক্ষা সংকুচিত করতে হবে। লেখাপড়াকে জীবনমুখী বা কর্মমুখী করতে হবে। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক ও গুরুত্ব দিতে হবে।

এবার আসি সার্টিফিকেট প্রসঙ্গে। প্রথম শ্রেণি থেকে মাস্টার্স শেষ করতে যেখানে সময় লাগে ১৭–১৮ বছর, সেখানে সেশনজটসহ বিভিন্ন কারণে তা গিয়ে দাঁড়ায় ২২-২৫ বছরে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছরে বিধিবদ্ধ করা হলেও অনেকের ক্ষেত্রে একাডেমিক পাঠ শেষ করতেই সে বয়সসীমা পার হয়ে যায়। ফলে অনেকে বেঁচে নিয়েছেন আত্মহত্যার পথ। ইদানীং দেখা যাচ্ছে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মেয়াদোত্তীর্ণ সার্টিফিকেট ছিঁড়ে, পুড়িয়ে ক্ষোভের ঝাঁজ মেটাচ্ছেন। হয়তো আমি আপনি এগুলোর বিরোধিতা করছি কিন্তু রাষ্ট্রযন্ত্র কি এদের ক্ষতিপূরণ দিতে পারছে? অনেকে তাঁদের মেধা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তাঁদের কাছে আমার প্রশ্ন তাঁরা মেধাহীন হলে এতগুলো ধাপ কীভাবে পার হয়ে এল? যদি সত্যিই তাঁরা মেধাহীন হয়, তাহলে এই ব্যর্থতা তাঁদের নয়, ব্যর্থতা শিক্ষাব্যবস্থার। গণহারে পাস করিয়ে দেশে শিক্ষার হার বাড়ানো সম্ভব, মেধার নয়।

পরিশেষে প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর ‘বইপড়া’ প্রবন্ধের কয়েকটি বাক্য উল্লেখ করে শেষ করছি, ‘আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষা-শাস্ত্রের একজন জগদ্বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে, “এক সময়ে ফরাসি দেশে শিক্ষা-পদ্ধতি এতই বেয়াড়া ছিল যে, সে যুগে France was saved by her idlers; অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে”। এর কারণ, হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। তাই এই স্কুল-পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল।’

আলী ওসমান শেফায়েত
কুতুবদিয়া, কক্সবাজার