ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চীনের সর্বশেষ দ্বিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের এপ্রিল মাসে। সে সময় বিশ্বজুড়ে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছিল। ইউক্রেনে তখন রাশিয়া আগ্রাসন শুরু করেছে। সে প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সে দুই পক্ষের মধ্যে সম্মেলনটি হয়েছিল। চীন তখন একটি উদার অবস্থান নিয়েছিল। এবার বেইজিংয়ে (৭ ও ৮ ডিসেম্বর) ইইউ ও চীনের প্রতিনিধিদের মধ্যে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেটাও খুব ফলপ্রসূ হওয়ার কথা নয়; যদিও এবারের সম্মেলনে বাণিজ্য প্রাধান্যবিস্তারী বিষয় হতে পারে।
নির্দিষ্ট করে বললে, এবারের সম্মেলনে চীনের বাজার ইউরোপের জন্য আবার খুলে দেওয়ার বিষয়টি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। করোনা মহামারির সময়ে চীন শূন্য কোভিড নীতি গ্রহণ করায় এ সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। করোনা মহামারি শুরুর আগে চীন ও ইইউর মধ্যে যেখানে বাণিজ্য ভারসাম্য ছিল, সেটি গত কয়েক বছরে অনেক বেশি চীনের দিকে হেলে পড়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যে ইইউর চেয়ে চীনের উদ্বৃত্ত বাণিজ্য এখন ৪০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
ইইউ বিশ্বের বড় রপ্তানিকারক গ্রুপ। বিশ্বের আর কোনো বড় অর্থনীতির সঙ্গে তাদের এতটা বাণিজ্য–ঘাটতি নেই। ইইউর কর্মকর্তারা বলছেন, এর কারণ হলো চীনের বাজারে তাঁদের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়েছে। বিদেশি প্রতিযোগীদের জন্য চীনের অনেক খাত এখনো বন্ধ।
এটি চীনের আগ্রাসী শিল্পনীতির দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে। ইউরোপিয়ান কমিশন চীনের শিল্পনীতিকে অন্যায্য প্রতিযোগিতা বলেছে। চীন তাদের প্রধান শিল্পগুলোয় বড় ভর্তুকি দিয়ে যাচ্ছে। এসব শিল্প থেকে উৎপাদিত পণ্য ইউরোপের বাজারে ইউরোপে উৎপাদিত এবং অন্য কোথাও উৎপাদিত পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে।
অনেক মাস ধরে চীনে আমদানি প্রবৃদ্ধি যে কমে গেছে, সেটা দেশটির বাজারে অন্যদের প্রবেশ অধিকার সীমিত করার সরাসরি ফলাফল। তা সত্ত্বেও বেইজিং বিদেশিদের জন্য বাজার খুলে দেয়নি। এ ছাড়া চীনের বাজারে ইউরোপের রপ্তানি এভাবে ধস নামার আরও একটি কারণ হলো, অন্য দেশ থেকে চীনের বাজারে রপ্তানি পণ্য প্রবেশের ক্ষেত্রে বেইজিংয়ে স্থানীয় কোম্পানির প্রয়োজন। বিদেশি কোম্পানিগুলোর পক্ষে বাইরের সরবরাহকারীর ওপর পুরোপুরি নির্ভর করা অনেক কঠিন।
২০২৫ সালের মধ্যে সবকিছু চীনের ভেতরে তৈরি করার জন্য বেইজিং ‘মেড ইন চায়না ২০২৫’ শিরোনামে শিল্পনীতি প্রণয়ন করে। আত্মনির্ভরশীলতা গড়ে তুলতেই চীন এই নীতি নিলেও চীনের আমদানি কমে যাওয়ার পেছনে এটি অন্যতম কারণ।
সবুজ প্রযুক্তিতে চীন প্রভাব বিস্তার করেছে, বিশেষ করে সোলার প্যানেল ও ইলেকট্রিক গাড়িতে। চীন থেকে ইইউর বাজারে এ দুটি পণ্যে বিপুল পরিমাণে রপ্তানি হচ্ছে। সোলার প্যানেল রপ্তানিতে বিশ্বে ৯০ শতাংশ বাজার চীনের দখলে। ২০১০-১২ সালের ইইউর সভরেন ঋণসংকটের জেরে ভর্তুকি তুলে নেওয়ায় ইউরোপে সোলার প্যানেল শিল্পে ধস নামে।
যাহোক, চীন থেকে ইলেকট্রিক গাড়ি আমদানির বিষয়টি হজম করা আরও কঠিন। এর কারণ হলো, গাড়িশিল্প খাত ইইউর শীর্ষ শিল্পের একটি। এ খাতে সেখানে ১ কোটি ৪০ লাখ মানুষের কর্মসংস্থান। এ কারণেই সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন চীনের ইলেকট্রিক গাড়ি উৎপাদন ও ইইউতে সেই গাড়ি রপ্তানির ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হয়, তা নিয়ে তদন্তের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করেছে।
এবারের সম্মেলনে চীনের প্রতিনিধিদলের পক্ষ থেকে নিশ্চিতভাবেই এ বিষয় উত্থাপন করা হবে। কিন্তু ইইউ প্রতিনিধিরা যে এই অভিযোগ তুলে নেবেন, তেমন কোনো ইঙ্গিত দেননি।
ইইউর এই কঠোর অবস্থান চীনাদের কাছে পুরোপুরি সমাদৃত নাও হতে পারে। এর আগে ইইউকে বুঝিয়ে-শুনিয়ে চীন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ (২০১৪ সালে সোলার প্যানেল অ্যান্টি ড্যাম্পিং) তদন্তের সময় ইইউর অবস্থান নমনীয় করেছিল। এবারে ইউরোপিয়ান কমিশন তাদের অবস্থানে দৃঢ় থাকবে বলে মনে হচ্ছে। এর কারণ হলো, ইউরোপের কাছে গাড়িশিল্প অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সেপ্টেম্বর মাসে চীনে অবস্থিত ইইউ চেম্বার অব কমার্স চীনের বাজারে ইইউর পণ্য প্রবেশে বাধা সরাতে এক হাজারের বেশি সুপারিশ দিয়েছে। চীন এসব সুপারিশ দুটি কারণে পাশ কাটানোর চেষ্টা করবে।
প্রথমত, অতিরিক্ত কম ভোগ ও কম বিনিয়োগের কারণে চীনের অর্থনীতি অব্যাহতভাবে খারাপ করছে। এরপরও বাণিজ্যে বিশাল উদ্বৃত্তই চীনের প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। এ উদ্বৃত্তই এখন চীন যে বাইরের দেশগুলোয় বিশাল অঙ্কের পুঁজি বিনিয়োগ করে, তার ভিত্তি।
দ্বিতীয়ত, গত ১৫ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় বাইডেন ও সি চিন পিং শীর্ষ বৈঠককে চীন দেখাতে চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের স্থিতিশীলতা হিসেবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে পারায় চীনের নেতাদের ইউরোপীয় বাজারের ব্যাপারে কম আগ্রহী করে তুলতে পারে।
বাইডেন-সি বৈঠকের পর চীনের যে আত্মবিশ্বাস, তাতে ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্কে ভারসাম্য প্রতিষ্ঠার ব্যাপারটি অধরাই থেকে যাবে। আবার চীনের এখনকার যে অর্থনৈতিক অবস্থা, তাতে ইইউ থেকে পণ্য আমদানি করার সম্ভাবনাও খুব কম। এ কারণেই ইইউ ও চীনের সম্মেলন আবারও হতাশ সবাইকে হতাশ করতে বাধ্য।
আলিসিয়া গারসিয়া হাররেরো ব্রাসেলসভিত্তিক থিঙ্কট্যাংক ব্রুগেলের সিনিয়র রিসার্চ ফেলো
এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত