‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বগুড়ায় আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। গতকাল শনিবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। এতে বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সেখানে পৃথিবীর গণনা শেষ হয় না কেন, ৩৩-এ কেন পাস নম্বর, শূন্য কেন স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য থেকে কেন গণনা শুরু করি না, শূন্য দিয়ে ভাগ করা যায় না কেন, ১ কেন মৌলিক সংখ্যা নয়—এমন নানা মজার প্রশ্ন করে খুদে শিক্ষার্থীরা।
