চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছে পাঁচটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ। খাঁচার ভেতরে কখনো মায়ের সঙ্গে, কখনো একা ঘুরে বেড়াচ্ছে ছানাগুলো। এগুলো দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এর আগে ২০২৩ ও ২০২৫ সালেও মোট ৫টি বাচ্চা জন্ম নিয়েছিল। তার মধ্যে তিনটি বেঁচে আছে। চার বছরের মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানার এ প্রজাতির সংখ্যা ৮ থেকে বেড়ে ১৬-তে পৌঁছেছে। হলুদ পাহাড়ি কচ্ছপ প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএনের তালিকায় মহাবিপন্ন প্রাণী হিসেবে রয়েছে। তাই এর প্রজনন প্রাণীটি সংরক্ষণে গুরুত্বপূর্ণ নজির মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।