টিসিবির পণ্য নিতে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি

নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে টিসিবির ট্রাকের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন নানা বয়সের মানুষ। নির্ধারিত সময়ে ট্রাক না আসায় তাঁদের ঘণ্টার পর ঘণ্টা রোদ-গরমে অপেক্ষা করতে হয়। একটু কম দামে পণ্য পাওয়ার আশায় লাইনে আগে দাঁড়ানো নিয়ে মাঝেমধ্যেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সেই জীবনসংগ্রাম ও ভোগান্তির চিত্রগুলো তুলে ধরা হয়েছে এই ছবির গল্পে।

নির্ধারিত সময়ে টিসিবির ট্রাক পৌঁছায়নি। মিরপুর সনি সিনেমা হল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ।
 নির্ধারিত সময়ে টিসিবির ট্রাক পৌঁছায়নি। মিরপুর সনি সিনেমা হল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ।
১৫ বছর বয়সী কিশোর সাইফুল ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন। নিজে বুঝে চলতে পারে না। এ জন্য শিকল দিয়ে সব সময় তাকে বেঁধে রাখেন পরিবারের লোকজন। বাসায় সাইফুলকে সব সময় দেখে রাখার মতো লোক নেই। তাই টিসিবির পণ্য কিনতে আসার সময় তাঁকে সঙ্গে করে নিয়ে আসেন সত্তরোর্ধ্ব নানি সালেহা বেগম। শিকলের একটি প্রান্ত ধরে আছেন তিনি। মিরপুর সনি সিনেমা হল এলাকা।
সড়কের উল্টো পাশে টিসিবির ট্রাক দেখে সড়ক বিভাজক টপকে ওপারে যাওয়ার চেষ্টা করছেন অনেকে। মিরপুর সনি সিনেমা হল এলাকা থেকে তোলা ছবি।
মিরপুর সনি সিনেমা হল এলাকায় শিশুকে কোলে নিয়ে এভাবেই টিসিবির চলন্ত ট্রাকের পেছনে ছুটছেন এক নারী।
লাইনে আগে দাঁড়াতে ক্রেতাদের হুড়োহুড়ি। মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে তোলা ছবি।
কম দামে টিসিবির পণ্য নিতে ট্রাকের চারপাশ ঘিরে মানুষের এমন হুড়োহুড়ি এখন নিত্যদিনের দৃশ্য। রাজধানীর কল্যাণপুর এলাকায়।
মাথার ওপর কড়া রোদ, তবু কম দামে পণ্য পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। কল্যাণপুর এলাকায়।