ঢাকায় শিক্ষার্থীদের উদ্ভাবনীতে আগামীর ভাবনা

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে দেশব্যাপী চলছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’। এর অংশ হিসেবে আজ রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হয় ঢাকা জেলা পর্যায়ের প্রদর্শনী। এতে ঢাকার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশ নেয়। মেলায় উপস্থিত থেকে খুদে বিজ্ঞানীদের চমকপ্রদ সব উদ্ভাবন ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। তরুণদের মেধা ও বিজ্ঞানের প্রতি এই অনুরাগের নানা মুহূর্ত নিয়ে আজকের এই ছবির গল্প।

ঢাকা জেলা পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীর উদ্বোধন করতে বিএএফ শাহীন কলেজ মাঠে প্রধান অতিথি জুবাইদা রহমান। সঙ্গে আছেন অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা।
 ঢাকা জেলা পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীর উদ্বোধন করতে বিএএফ শাহীন কলেজ মাঠে প্রধান অতিথি জুবাইদা রহমান। সঙ্গে আছেন অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা।
প্রদর্শনীতে বিশেষ ধরনের রোবোটিক যান নিয়ে হাজির হয়েছিলেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রজেক্ট ঘুরে দেখেন জুবাইদা রহমান।
প্রধান অতিথি জুবাইদা রহমানের সামনে নিজেদের তৈরি ‘হেক্সাগার্ড এআই রোভার’ প্রজেক্টের বর্ণনা দিচ্ছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা।
দূষণমুক্ত বাতাস ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিয়ে মডেল তৈরি করে প্রদর্শনীতে তৃতীয় স্থান অধিকার করেছে হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও পরিবেশ রক্ষায় ‘ইকো লুপ’ নামের একটি স্টার্টআপ আইডিয়া ও নার্সারি মডেল প্রদর্শন করেন নয়াবাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নবায়নযোগ্য শক্তি, ফায়ার অ্যালার্ম ও ভূমিকম্পের সংকেত ব্যবস্থা নিয়ে স্মার্ট ও নিরাপদ শহরের একটি মডেল ‘প্রজেক্ট ম্যাভেরিক ২.০’ উপস্থাপন করেন নৌবাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরা।
ভবিষ্যতের কৃষির কথা মাথায় রেখে জায়গা বাঁচিয়ে আধুনিক পদ্ধতিতে মাল্টিলেয়ার ফার্মিং (বহুমাত্রিক চাষাবাদ) মডেল তৈরি করেছেন সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও ফাইভ-আর সলিউশনের মাধ্যমে এর পুনর্ব্যবহার নিয়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ‘দ্য লাইফ অব প্লাস্টিকস’।
পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত একটি স্বয়ংসম্পূর্ণ গ্রামের চমৎকার মডেল তৈরি করেছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
হাঁটার সময় পায়ের চাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের অভিনব কৌশল ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ উদ্ভাবন করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।