সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন নিয়ে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখতে শুক্রবার এসেছিলেন আইনজীবী, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক ও শিল্পীরা। এসেছিলেন সাধারণ মানুষও। পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, ভাঙা আসবাব ও বইপত্রের ধ্বংসাবশেষ দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। শিল্পী মাহ্বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিদগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। এই প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত।
