রাঙামাটি শহরের রাঙাপানি গ্রামে শুরু হয়েছে শীতকালীন শাকসবজি চাষের ধুম। আর এই পুরো কর্মযজ্ঞের মূল কারিগর স্থানীয় পাহাড়ি নারীরা। জমি প্রস্তুত করা, বীজ বোনা, চারা পরিচর্যা ও আগাছা পরিষ্কারে এখন ব্যস্ত সময় কাটছে তাঁদের। জমিতে মিশ্র–পদ্ধতিতে চাষ হচ্ছে লালশাক, শর্ষেশাক, মুলা, বেগুন, টমেটো, শিম, কুমড়া, ধনেপাতা ও ভুট্টা। খেতের উর্বরতা বাড়াতে গোবর, খড় ও শুকনা পাতা পচিয়ে নারীরা নিজেরাই তৈরি করছেন জৈব সার। অন্যদিকে পাখি ও ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে খেতজুড়ে টাঙানো হয়েছে জাল ও পলিথিন। নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিষমুক্ত এসব তাজা সবজি স্থানীয় বাজারে বিক্রি করে সংসারে বাড়তি আয়ও আনছেন এই পরিশ্রমী নারীরা।
