ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা। কোথাও অসম্পূর্ণ পদচারী–সেতু, কোথাও নিরাপদ পারাপারের অভাব, আবার অনেক অংশে আগের মতোই লেগে আছে যানজট। উড়ালসড়কে ঝুঁকি নিয়ে পারাপার করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ, আর নিচের সড়কজুড়ে বিরাজ করছে বিশৃঙ্খলা। সম্প্রতি দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান এবং নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। ঢাকা ও গাজীপুরের ছবিগুলো ১৮ মে তোলা।
