রাজধানীর অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান সোহরাওয়ার্দী উদ্যান বর্ষায় ফিরে পেয়েছে প্রাণ। গাছগুলো সতেজ হয়েছে, নাগলিঙ্গম ও রাধাচূড়ার ফুলে সেজেছে উদ্যান। গাছপালা ও জলাশয়ে দেখা মিলছে কাঠবিড়ালি, মাছসহ নানা প্রাণীর। তবে এই সৌন্দর্যের আড়ালেই রয়েছে উদ্বেগের চিত্র। বিভিন্ন স্থানে ভারী যন্ত্রপাতি চলাচলে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাসে ঢাকা মাটি, কাদায় স্পষ্ট হয়ে আছে চাকার গভীর দাগ। সড়কসংলগ্ন অংশে জমে থাকা আবর্জনা নষ্ট করছে পরিবেশ। এসবই এই উদ্যানের রক্ষণাবেক্ষণে অবহেলার ইঙ্গিত দিচ্ছে।
