গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের কুতুবপুরের আইএফএস টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের ডাইং মেশিনগুলো স্বাভাবিকভাবে চলছে না। এতে কারখানাটির উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে। কর্মকর্তারা জানান, উৎপাদন সচল রাখতে যেখানে গ্যাসের চাপ প্রয়োজন ২০ পিএসআই, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ পিএসআই। ফলে যন্ত্রের পাশে বসে ও অপেক্ষা করে সময় কাটছে শ্রমিকদের।
গ্যাসের স্বল্প চাপের এই প্রভাব শুধু নারায়ণগঞ্জে নয়, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলেও পড়েছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় গ্যাসনির্ভর শিল্পকারখানায় উৎপাদন কমেছে, কোথাও কোথাও বন্ধ রয়েছে উৎপাদন।