ভাঙাচোরা সড়কে নাকাল চলাচলকারীরা

রাজধানীজুড়ে চলছে সড়কে খোঁড়াখুঁড়ি। কোথাও পয়োনিষ্কাশনের লাইন বসানোর কাজ চলছে। আবার কোথাও চলছে মেট্রোরেলের কাজ, কোথাও নালার সংস্কার কর্মকাণ্ড। দীর্ঘদিন খুঁড়ে রাখা সড়ক এবং ফুটপাতে পড়ে থাকা নির্মাণসামগ্রী, খানাখন্দ আর জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়তে হচ্ছে সড়কে চলাচলকারীদের। যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এসব সড়কে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তোলা।

চলছে পয়োনিষ্কাশনের লাইন বসানোর কাজ। দেখে বোঝার উপায় নেই এটা একটি সড়ক। দক্ষিণ বাসাবোর সবুজবাগ এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে খানাখন্দ, জলাবদ্ধতা। সেই পথ ধরেই চলছে বাস, মোটরসাইকেল। মালিবাগ থেকে খিলগাঁওয়ের পথে
মেট্রোরেল প্রকল্পের কাজের অংশ হিসেবে পানি, গ্যাস ও বিদ্যুতের লাইন স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে সড়ক কেটে কাজ চলছে। সড়কটি যানবাহন চলাচলের জন্য সংকীর্ণ হয়ে পড়েছে। নতুনবাজার এলাকায়
ভূগর্ভস্থ নালার কাজ শেষ হলেও সংস্কার করা হয়নি সড়কটি। এতে নিত্যদিন ভোগান্তিতে পড়ছেন সড়কে চলাচলকারীরা। বাউনিয়া এলাকার বাদালদী সড়কে
সড়কের মাঝের অংশে চলছে মেট্রোরেলের কাজ। দুপাশের সংকীর্ণ অংশ দিয়ে চলছে যানবাহন। দেখা দিয়েছে যানজট। ভাটারা সড়কে
ফুটপাত ও পয়োনিষ্কাশন নালা নির্মাণের জন্য খোঁড়া মাটি, কংক্রিটের ব্লক ও নির্মাণসামগ্রী সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। দুর্ভোগ বেড়েছে পথচারীদের। মিরপুরের শেওড়াপাড়ায়
পয়োনিষ্কাশনের লাইনে সংস্কারকাজের জন্য খোঁড়া হয়েছিল সড়কটি। দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে আছে। ঝুঁকি নিয়ে চলছেন পথচারীরা। মিরপুর ১০ নম্বর এলাকায়
খুঁড়ে রাখা সড়কে এভাবেই পড়ে আছে ইট। সেখান দিয়ে রিকশা ঠেলে নিয়ে চলেছেন চালকেরা। উত্তর বাড্ডার সাঁতারকুল সড়কে
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতেই সড়কে বড় বড় গর্ত। এতে জমে আছে বৃষ্টির পানি। ভাঙাচোরা সড়কের কারণে বেশ ধীরগতিতে চলছে যানবাহন। আবদুল্লাপুর এলাকায়