দোতলা ভবনের দেয়ালজুড়ে ফাটল দেখা দিয়েছে। জমেছে শেওলা। মেঝে ডুবে রয়েছে পানিতে। সিঁড়ির অবস্থাও বেশ নাজুক। দ্বিতীয় তলার পেছনের দিকে ভেঙে পড়েছে দেয়ালের একাংশ। এই চিত্র চট্টগ্রাম নগরের বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় ছাত্রাবাসের। শিক্ষার্থীদের কাছে ভবনটি এখন পরিচিত ‘ভূতের বাড়ি’ নামে। প্রায় দুই দশক ধরে সংস্কারের অভাবে ছাত্রাবাসটি এখন পরিত্যক্ত। একই দশা চট্টগ্রাম নগরের আরও তিনটি সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসের। বিদ্যালয়গুলো হলো নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়। ছবিগুলো সম্প্রতি তোলা।