সরু গলিতে ঝুলছে অসংখ্য ট্রান্সফরমার, শঙ্কা নিয়ে চলাচল

পুরান ঢাকার ইসলামবাগে আবাসিক ভবন, কারখানা, গুদাম ও বৈদ্যুতিক অবকাঠামোর রয়েছে পাশাপাশি অবস্থান। শিল্পকারখানার বিদ্যুতের চাহিদা মেটাতে সরু গলির ওপর নিয়মবহির্ভূতভাবে বসানো হয়েছে অসংখ্য ট্রান্সফরমার। মাথার ওপর তারের জট, নিচতলায় রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম এবং ওপরে মানুষের বসবাস—সব মিলিয়ে সামান্য দুর্ঘটনাই রূপ নিতে পারে বড় ধরনের অগ্নিকাণ্ডে। ফায়ার সার্ভিসের প্রবেশের সুযোগও সীমিত হওয়ায় প্রতিদিনই ঝুঁকির মধ্যে বসবাস করছেন এলাকার বাসিন্দারা।

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় সরু গলিতে মাত্র ৮-১০ ফুট ওপরে স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার। নিচ দিয়ে চলাচল করছেন পথচারীরা, বসেছে দোকানপাটও।
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় সরু গলিতে মাত্র ৮-১০ ফুট ওপরে স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার। নিচ দিয়ে চলাচল করছেন পথচারীরা, বসেছে দোকানপাটও।
আবাসিক ভবনের পাশেই বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার। ভবনের নিচেই রয়েছে কারখানা ও গুদাম।
মাথার ওপর বিদ্যুতের তারের জট, তার মধ্যেই পাশাপাশি বসানো রয়েছে একাধিক ট্রান্সফরমার। মালবাহী ভ্যান নিয়ে চালকেরা থাকেন শঙ্কায়।
ইসলামবাগের সরু গলিতে মাথার ওপর ঝুলছে বৈদ্যুতিক তারের জট। দুর্ঘটনা ঘটলে এসব গলিতে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে।
বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচেই চলছে মানুষের স্বাভাবিক চলাচল।
সড়কের মাঝখানে স্থাপন করা ট্রান্সফরমারে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করেন স্থানীয় বাসিন্দারা।
উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারের পাশেই পানি ছিটিয়ে কারখানার এসি পরিষ্কারের কাজ করছেন এক কর্মী।
আবাসিক ভবন, শিল্পকারখানা, গুদাম, ট্রান্সফরমার ও তারের জটের মধ্যে প্রতিদিন ঝুঁকি নিয়েই বসবাস করছেন ইসলামবাগের হাজারো মানুষ।