ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার লক্ষ্যে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এই মহাসড়ক ভবিষ্যতে ঢাকা ও সিলেট বিভাগের যোগাযোগব্যবস্থায় গতি আনবে বলে আশা করা হচ্ছে। তবে উন্নয়নকাজের জন্য এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মহাসড়ক ব্যবহারকারীদের। ঢাকার ডেমরার সুলতানা কামাল সেতু পার হয়ে নারায়ণগঞ্জের তারাব, রূপসী বাসস্ট্যান্ড থেকে বরপা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। ভাঙাচোরা সড়ক, ধুলাবালু ও ধীরগতির যান চলাচলের কারণে প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কোথাও কোথাও গর্তে আটকে যাচ্ছে যানবাহন, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কে চলাচল।
