চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ডায়াবেটিক হাসপাতালের সামনে ২০২০ সালের জানুয়ারিতে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এস্কেলেটর ফুটব্রিজটি উদ্বোধনের পর মাত্র দুই মাস চালু ছিল। এর পর থেকে ছয় বছরেরও বেশি সময় ধরে এটি অচল পড়ে আছে। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের রোগী ও সাধারণ পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মিত ৬৫ ফুট দীর্ঘ ও ৯ ফুট চওড়া সেতুটির দুই পাশে ওপরে ওঠার জন্য সেন্সরনিয়ন্ত্রিত দুটি এস্কেলেটর এবং নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে। পদচারী–সেতুটি অচল থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের।