অগ্রহায়ণে মাঠে মাঠে পেকেছে আমন ধান। বাতাসে ছড়িয়েছে পাকা ধানের গন্ধ। সেই গন্ধের টানে পাহাড় ছেড়ে সমতলে নেমে এসেছে বন্য হাতির দল। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ে বিচরণ করা হাতিরা খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে চলে আসে। হাতির এই চলাচল পাহাড়ি প্রকৃতির স্বাভাবিক দৃশ্য হলেও তা ঘিরে সীমান্তবর্তী জনপদে তৈরি হয় নানা উদ্বেগ। একদিকে বন্য প্রাণীর নিরাপদ বিচরণ, অন্যদিকে মানুষের জীবন ও ফসলের সুরক্ষা—দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও বাড়ছে। শেরপুরের গারো পাহাড়ের বালিজুরী বন বিভাগের রেঞ্জের গাইয়েরঝুপা এলাকায় গত বুধবার ছবিগুলো তোলা হয়েছে।