ঢাকার মেরাদিয়া হাটে যেন প্রতিদিনই বসে বৈচিত্র্যের মেলা। প্রতি বুধবার ভোর থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাটুরের দল নৌকায় করে নানান জিনিস নিয়ে নড়াই নদের (রামপুরা খাল) পাড়ে হাজির হন। স্থানীয় বাসিন্দাদের কাছে এ হাট খুব জনপ্রিয়। দূরদূরান্ত থেকে মানুষ আসে এই হাটে বেচাকেনা করতে। সবজি, মাছ, শুঁটকি, কাপড় থেকে শুরু করে বাঁশ-বেতের সামগ্রী, ঘর সাজানোর জিনিস, ঘানিভাঙা তেল ও নানা পণ্য নিয়ে জমে ওঠে রাজধানীর বুকে গড়ে ওঠা শতবর্ষী এই হাট। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে হাটবারের ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে মেরাদিয়া হাট।
