ভোর থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। ভারী বৃষ্টিও হয়েছে। তবে বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি সদ্য মাধ্যমিক পাস করা কৃতী শিক্ষার্থীদের কাছে। সকাল আটটা থেকে তারা দলে দলে ছুটে এসেছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন হার মানিয়েছে দুর্যোগকে। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এরই অংশ হিসেবে আজ রোববার চট্টগ্রামের ফয়’স লেকে আনন্দ উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা।