যান চলাচলে বাধা, খুলনায় যেতে যাত্রীদের দুর্ভোগ

খুলনায় শনিবারের বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এক দিন আগেই যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পথে পথে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ছোট যানবাহন চলাচলেও বাধা দিতে দেখা গেছে। লাঠিসোঁটা হাতে মহাসড়ক পাহারা দিতে দেখা যায় শ্রমিক লীগের কর্মীদের। গন্তব্য যেতে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশায় বেশি ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের। তাঁদের পোহাতে হয়েছে অন্তহীন দুর্ভোগ।

খুলনাগামী ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সাধারণ যাত্রীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের কারণে এই ভিড় ছিল বলে সংশ্লিষ্টদের দাবি। বেলা সাড়ে তিনটা, চুয়াডাঙ্গা রেলস্টেশন
ছবি: প্রথম আলো
দূরপাল্লার বাস চলাচলে বাধা দিচ্ছেন শ্রমিক লীগের কর্মীরা। সকাল সাড়ে সাতটা, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, বাগেরহাট
বরিশালে বাবার বাড়িতে যাওয়ার জন্য যশোরের ঝিকরগাছা থেকে বাস টার্মিনালে আসেন আঁখি আক্তার। কিন্তু খুলনায় বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে খুলনাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহ মালিক-শ্রমিকেরা। চার মাসের সন্তানকে কোলে নিয়ে কাউন্টারে বাসের অপেক্ষায় নিরুপায় মা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, যশোর
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী পরিবহন যশোর বাস টার্মিনালে এসে থেমে যাচ্ছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই মানুষকে বাস থেকে যশোরে নামিয়ে দেওয়া হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া দিয়ে ইজিবাইক বা নছিমনে করে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল, যশোর
খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মেহেরপুরে খুলনাগামী সব ধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে। বেলা সাড়ে ১১টা, বাস টার্মিনাল এলাকা, মেহেরপুর
গণপরিবহন বন্ধ করে দেওয়ায় পথে পথে দুর্ভোগ সাধারণ মানুষের। বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে যান চলাচলে। বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, খুলনা-পিরোজপুর মহাসড়ক
সমাবেশে অংশ নেওয়ার জন্য খুলনা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা। বাধা এড়াতে আগেই খুলনা পৌঁছে গেছেন তাঁরা
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আকস্মিক বুধ ও বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয়। এতে দূরের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। জিরো পয়েন্ট, খুলনা
দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে মোটরসাইকেলে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে রওনা দিতে হয়েছে অনেককে। জিরো পয়েন্ট, খুলনা
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ডাকা ধর্মঘট চলছে। শ্রমিকেরা ক্রিকেট খেলে সময় কাটাচ্ছেন। দুপুর সাড়ে ১২টা, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা
বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে যান চলাচলে। পথে পথে দুর্ভোগ সাধারণ মানুষের। বারাকপুর, খুলনা-বাগেরহাট মহাসড়ক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে পিকআপ ভাড়া করে যাচ্ছেন স্বজনেরা। পথে শ্রমিক লীগের কর্মীদের বাধা। দশনা, বাগেরহাট, খুলনা-বাগেরহাট মহাসড়ক