খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। নগরের সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন। সমাবেশের আগের রাত থেকে সমাবেশস্থলে হাজারো নেতা-কর্মী জড়ো হন। তবে বিভাগজুড়ে চলতে থাকা দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে নেতা-কর্মীদের বেশির ভাগ ট্রেন ও ট্রলারে করে এসেছেন, কেউবা হেঁটে এসেছেন। সমাবেশে আসা নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি-বাধা, লাঠি নিয়ে সড়কে অবস্থান ও যানবাহন থেকে নামিয়ে দেওয়ার পরও খুলনার সমাবেশস্থলে জড়ো হয়েছেন তাঁরা। কোনো কোনো স্থানে পুলিশের বাধার মুখেও পড়েন।
