এক ঝলক (৭ নভেম্বর ২০২৫)

পথের ধারে জলাশয়ে ফুটে আছে লাল শাপলা। কলতাপাড়া গ্রাম, শেরপুর উপজেলা, বগুড়া, ৭ নভেম্বর
ছবি: সোয়েল রানা
পাহাড়ের কোলে বিস্তীর্ণ সবুজ আমন ধানের মাঠ, মাঝখানে একফালি জলাশয়—সেখানে নিশ্চিন্তে বিচরণ করছে একদল হাঁস। সকালে রোদের আলোয় ঝিলমিল করছে ধানের শিষ, দূরে নীলচে পাহাড় যেন মায়ার পর্দা টেনে রেখেছে গ্রামের চারপাশে। তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মাহতাবপুর এলাকা, সুনামগঞ্জ, ৭ নভেম্বর
সত্তোরোর্ধ্ব সহিবুন বেওয়া চা-বাগানের শ্রমিক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিলেও এখন পরিশ্রম করেন। গবাদিপশুর জন্য ঘাস কেটে কাপড়ে বেঁধে মাথায় করে নিয়ে হেঁটে বাড়ি ফিরছেন তিনি। শিলুয়া চা-বাগান এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৭ নভেম্বর
মাঠ থেকে ধান কেটে বাড়ি নিতে সড়কের পাশে জড়ো করছেন এক কৃষক। মুরারীদাহ এলাকা, ফরিদপুর, ৭ নভেম্বর
তিস্তা নদীতে এখন পানি কমেছে। তাই মাছ ধরতে ঠেলা জাল নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড় এলাকা, ৭ নভেম্বর
পানি কমে যাওয়া হাওর থেকে অল্প কয়েকটা ছোট মাছ ধরে সেগুলো শুকানোর জন্য নৌকার ছাউনির ওপর নেড়ে দিচ্ছে এক বালক। কিশোরগঞ্জের নিকলীর কুর্শা এলাকায়, ৬ নভেম্বর
সুন্দরী নামের একটি হাতি দিয়ে আসাদ মিয়া নামের এক তরুণ চাঁদা তুলছেন। সার্কাস ও চাঁদাবাজিতে বাধ্য করতে অনেক সময় হাতিশাবককে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে প্রশিক্ষিত করা হয়। কালিকচ্ছ এলাকা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৭ নভেম্বর
জালে আটকা পড়া বিভিন্ন প্রজাতির মাছ প্লাস্টিকের ঝুড়িতে ভরে হ্রদের পানিতে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এরপর এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে। আসামবস্তি এলাকা, রাঙামাটি, ৭ নভেম্বর
ঝুড়িভর্তি বারোমাসি কাঁঠাল বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন লালপিয়ান বম নামের এক ব্যক্তি। শৈলপ্রপাত এলাকা থেকে তোলা, বান্দরবান, ৭ নভেম্বর
গাছের ডালে বসন্তবাউরি পাখি। তারাছা এলাকা থেকে তোলা, বান্দরবান, ৭ নভেম্বর
সিলিন্ডারের গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছেন এক ব্যবসায়ী। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মালোপাড়া এলাকা, রাজশাহী, ৭ নভেম্বর
পুরোনো জাহাজ থেকে আনা এসব ছোট নৌকা মেরামত করেন স্থানীয় কারিগরেরা। পরে আকার অনুযায়ী সেগুলো মাছচাষি, মাঝি ও নৌ–শ্রমিকদের কাছে বিক্রি করা হয়। মাদামবিবির হাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৭ নভেম্বর
বাসাবাড়ির পানিতে ময়লা–দুর্গন্ধ। তাই পানি সংগ্রহ করতে দিনভর ওয়াসার বিশুদ্ধ পানি বিক্রয়কেন্দ্রে ভিড় করেন বাসিন্দারা। শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা, ৭ নভেম্বর
সংস্কারকাজে কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী ছাড়াই ফুটপাতের মধ্যে বিশাল গর্ত খুঁড়ে রাখা হয়েছে। ঝুঁকি ও ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের। ফার্মগেট এলাকা, ঢাকা, ৭ নভেম্বর
প্রতিনিয়ত ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন একজনের শুশ্রূষা করছেন স্বজনেরা। মুগদা, ঢাকা, ৭ নভেম্বর
সড়ক বিভাজকে লাগানো হয়েছে ‘দাদমর্দন’ গাছ। এতে ফুটে থাকা ফুলে পথচলতি মানুষের চোখ জুড়িয়ে যায়। সার্জেন্ট জহুরুল হক হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ নভেম্বর
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে শিক্ষার্থী-সংগীত অনুরাগী সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদী গানের মিছিলের আয়োজন করা হয়। ধানমন্ডি আবাহনী মাঠের সামনে, ঢাকা, ৭ নভেম্বর
বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। রায়েরবাজার এলাকা, ঢাকা, ৭ নভেম্বর
কর্মব্যস্ততার কারণে অনেক সময়ই সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তাই ছুটির দিনে অনেকেই সন্তানকে নিয়ে বের হন ঘুরতে। এতে তাদের দিনটি হয়ে ওঠে আনন্দ–উচ্ছ্বাসে ভরা। রমনা পার্ক, ঢাকা, ৭ নভেম্বর
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। শান্তিনগর এলাকা, ঢাকা, ৭ নভেম্বর