একঝলক (১১ ডিসেম্বর, ২০২২)

বাংলার বিস্তীর্ণ মাঠগুলোতে ধান কাটা এখন প্রায় শেষ পর্যায়ে। ধান ঘরে তুলে এসব জমিতে আবার চাষ হবে রবিশস্য। জহিরপুর, পাবনা, ১০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
চারদিকে চলছে আমন ধান কাটার ভরা মৌসুম। ধান কেটে বাড়িতে আনার জন্য কাঁধে ভার নিয়ে জমিতে যাচ্ছেন কৃষকেরা। লক্ষ্মীনগর, কুমিল্লা, ১১ ডিসেম্বর
কুমিল্লা নগরের দক্ষিণ রাজাপাড়া এলাকায় গড়ে উঠেছে পার্কিং টাইলসের কারখানা। এসব টাইলস গ্যারেজ ও ফুটপাতে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন রঙের টাইলস তৈরি শেষে রোদে শুকানো হচ্ছে। প্রতিটি টাইলস মানভেদে ৩০-৪০ টাকা দরে বিক্রি করা হয়। ১১ ডিসেম্বর
রাধাচূড়া ফুলের রস খেতে উড়ছে বাহারি রঙের প্রজাপতি। সার্কিট হাউস প্রাঙ্গণ, রাঙামাটি, ১১ ডিসেম্বর
পাহাড়ি থেকে ধনেপাতা সংগ্রহ করে বিক্রির জন্য বাছাই করছেন মারমা জনগোষ্ঠীর নারীরা। ধনেপাতার কেজি ৪৫ থেকে ৫০ টাকা স্থানীয় হাটে বেচাকেনা হয়। তম্বপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ১১ ডিসেম্বর
মাঠ থেকে ধান কেটে তা নৌকায় নিয়ে ফিরছেন কৃষক। শেখপুরা, তেরখাদা, খুলনা, ১১ ডিসেম্বর
হেলে পড়া বটগাছটিতে দোলখেলায় মেতেছে শিশু-কিশোরেরা। গ্রামাঞ্চলে ডানপিটেদের এমন দুরন্তপনার দৃশ্য দেখে ছেলেবেলার স্মৃতি মনে পড়ে অনেকের। নাজিরপুর, পাবনা, ১০ ডিসেম্বর
খাবার শিকার করে গাছের ডালে বসে আছে পানকৌড়ি। দোবাগীর হাওর, সুরমা, সিলেট, ১০ ডিসেম্বর
মুলাখেতের মধ্যে মরিচের চারা রোপণ করেছেন কৃষক জাহিদুল ইসলাম। সেগুলোর পচন ঠেকাতে কীটনাশক ছিটাচ্ছেন তিনি। নূরুইল গ্রাম, বগুড়া, ১১ ডিসেম্বর
কৃষক চুন্নু মিয়ার খেতে শিমের জোয়ার এসেছে। বেছে বেছে পরিপক্ব শিম তুলছেন তিনি। দামও পাচ্ছেন বেশ। নূরুইল, বগুড়া, ১১ ডিসেম্বর
মুরাদপুর গ্রাম থেকে উদ্ধার করা হিমালয়ান গৃধিনী শকুন। সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীরের সদস্যরা শকুনটি উদ্ধার করেন। সবুজবাগ, বগুড়া, ১১ ডিসেম্বর
গরুর খাবারের অন্যতম উপাদান খড়। স্থানীয়ভাবে জোগাড় করতে না পারায় দূর থেকে ঘোড়ার গাড়ি বোঝাই করে আনা হয় খড়। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পৌর জামতলা এলাকা। গোয়ালন্দ, রাজবাড়ী, ১১ ডিসেম্বর