একঝলক (১৪ আগস্ট ২০২৬)

পয়োবর্জ্যের লাইন সংস্কারের জন্য সড়ক খুঁড়ে রাখা হয়েছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দক্ষিণ বাসাবো, সবুজবাগ, ঢাকা, ১৪ আগস্ট
 ছবি: তানভীর আহাম্মেদ
তীব্র গ্যাস–সংকটে জ্বালানি সংগ্রহে চরম ভোগান্তিতে পড়েছেন চালকেরা। গ্যাস নেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ রুবেল, অপেক্ষা করতে হবে আরও তিন-চার ঘণ্টা। তীব্র গরমে ক্লান্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশায় বসে মুখে পানি দিচ্ছেন তিনি। মুগদা, ঢাকা, ১৪ আগস্ট
দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথ বাবুবাজারে নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বাবুবাজার, ঢাকা, ১৪ আগস্ট
কমলাপুর রেলস্টেশনের রেললাইনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা। কমলাপুর, ঢাকা, ১৪ আগস্ট
কমলাপুর রেলস্টেশন ও ওয়ার্কশপে অযত্ন-অবহেলায় পড়ে আছে ডেমু ট্রেনের কয়েকটি সেট। ২০১৩ সালে চীনের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০ সেট ট্রেন কিনেছিল বাংলাদেশ রেলওয়ে। রক্ষণাবেক্ষণের অভাব, যন্ত্রাংশের সংকট ও কারিগরি জটিলতায় চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই একে একে অচল হয়ে পড়ে এগুলো। কমলাপুর, ঢাকা, ১৪ আগস্ট
বীজতলা থেকে আমন ধানের চারা তুলে মাথায় করে রোপণের জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক। সাদীপুর, ফরিদপুর সদর, ১৪ আগস্ট
মনসাপূজা উপলক্ষে মেলায় বিক্রির জন্য তৈরি মাটির ব্যাংক বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন গৃহবধূ পুষ্প রানী পাল। ভাজনডাঙ্গা, ফরিদপুর সদর, ১৪ আগস্ট
চাকা ভেঙে যাওয়ায় ভোর থেকে রংপুর-ঢাকা মহাসড়কে পড়ে ছিল একটি মালবাহী ট্রাক। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, রংপুর, ১৪ আগস্ট
বাঁশ দিয়ে তৈরি মুরগির খাঁচা সাইকেলে করে গ্রামের পথে পথে বিক্রি করছেন এক ব্যক্তি। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৪ আগস্ট
মুলাখেতে নিড়ানি দিচ্ছেন দুই কৃষিশ্রমিক। রসুলপুর, মিঠাপুকুর, রংপুর, ১৪ আগস্ট
জমিতে হাল চাষ করে কৃষকের যাওয়ার পর সেখানে খাবারের সন্ধানে নেমেছে একঝাঁক বক। চৌদ্দশত, কিশোরগঞ্জ সদর, ১৩ আগস্ট
বর্ষা এলেই খাল-বিল ও নদী-নালায় বাড়ে দেশীয় মাছ ধরার ব্যস্ততা। মাছ ধরার অন্যতম উপকরণ বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ‘চাঁই’। হাটে আকার ও মানভেদে প্রতি জোড়া চাঁই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। আটঘর, নেছারাবাদ, পিরোজপুর, ১৪ আগস্ট
বেলা শেষে পাতিহাঁসের পাল নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। কর্শাকড়িয়াল, কিশোরগঞ্জ সদর, ১৩ আগস্ট
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দাই গ্রামের মানুষের কাছে নৌকাবাইচ কেবল খেলা নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের অংশ। এ ঐতিহ্য ধরে রাখতে গ্রামের প্রতিটি পরিবারের স্বেচ্ছায় দেওয়া অর্থে তৈরি হচ্ছে ৮২ হাত দীর্ঘ নতুন বাইচের নৌকা ‘চান্দাই জনতা এক্সপ্রেস’। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন নৌকাটির কাজ এক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। চান্দাই, একদন্ত, আটঘরিয়া, পাবনা, ১৩ আগস্ট
গ্রামীণ সড়কের পাশে সারি সারি তালগাছ। নীল আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে তালগাছগুলো। চাঁচাহার, শাজাহানপুর, বগুড়া, ১৪ আগস্ট
ভরা পদ্মায় মাছ ধরতে যাওয়ার আগে নৌকা মেরামত করছেন এক জেলে। মিডল চর, পবা, রাজশাহী, ১৪ আগস্ট
ময়ূর নদে নৌকায় চড়ে জাল ফেলছেন দুই মৎস্যজীবী। আলীনগর, বটিয়াঘাটা, খুলনা, ১৪ আগস্ট
বর্ষার ঘনঘটা পেরিয়ে আসছে শরৎ।  নীল আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। বাঙ্গাবাড়িয়া ব্রিজ, হিমাইতপুর, পাবনা, ১২ আগস্ট
সবুজের মাঝখানে ফুটে থাকা কমলা রঙের ফুল। রোদ্দুরে ফুলটির সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৪ আগস্ট
কারুকাজের মতো জাল বুনে শিকারের অপেক্ষায় একটি মাকড়সা। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ১৪ আগস্ট
কাপ্তাই হ্রদের পানি বেড়ে চারণভূমি ডুবে যাওয়ায় দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। তাই ডিঙিতে করে ছাগলগুলোকে খাবারের সন্ধানে দূরের গন্তব্যে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। বাঘছড়ি মুখ, রাঙামাটি, ১৪ আগস্ট
কাপ্তাই হ্রদের থইথই জলে সকাল–সকাল কায়াকিং করছেন তিন পর্যটক। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৪ আগস্ট
আঞ্চলিক মহাসড়কের পাশে ফুটে আছে শ্বেতকাঞ্চন ফুল। জগৎপুরা, সরিষাবাড়ী, জামালপুর, ১৪ আগস্ট
উড়ালসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও নিয়ম না মেনে ঝুঁকি নিয়েই উড়ালসড়কে উঠছে এসব অটোরিকশা। খিলগাঁও উড়ালসড়ক, ঢাকা, ১৪ আগস্ট