মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হয়ে উঠেছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু এই বিমানবন্দরের। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে আকর্ষণীয় করে তোলা হয় এটাকে। বিশ্বমানের সুযোগ-সুবিধা, অত্যাধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল নকশার কারণে বিমানবন্দরটি বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। বিশেষ করে বিশাল ইনডোর গার্ডেন, আধুনিক লাউঞ্জ, স্বয়ংক্রিয় চেক-ইন ব্যবস্থা এবং দ্রুত ট্রানজিট–সুবিধা যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলেছে। বিমানবন্দরটির অন্যতম আকর্ষণ ‘অরচার্ড’ নামের বিশাল সবুজ উদ্যান, যেখানে প্রাকৃতিক গাছপালা ও জলাধারের সমন্বয়ে তৈরি হয়েছে মনোরম পরিবেশ। এ ছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ডের শপিং আউটলেট, খাবারের দোকান ও বিশ্রামাগার যাত্রীদের জন্য বাড়তি সুবিধা যোগ করেছে। কাতারের জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের প্রধান ‘হাব’ হিসেবে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিদিন হাজারো যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন।
