সকালের মিষ্টি রোদের আলোয় চকচক করছে জুমের সোনালি ধান। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পাহাড়ে জুমের খেতে ধানের বীজ বোনা শুরু হয়। সঙ্গে বিভিন্ন রকমের ফসলের বীজও বোনা হয়। বিশেষ করে হলুদ, কচু, পেঁপে, বেগুন, ঢ্যাঁড়স, চুকুই, তিল, মারফা, ভুট্টো, পুঁই শাক, জুম (গুরি) মরিচ, ছোট করলাসহ বহু প্রজাতির ফসলের বীজ। পাকা ধান কাটর পর অন্যান্য ফসল ধীরে ধীরে পরিপক্ব হয়ে ওঠে। এক বছরের বেশি সময় অন্যান্য ফসল বিক্রি করেন জুমচাষিরা। পাহাড়ে বসবাসকারী অধিকাংশ মানুষ জুমচাষে নির্ভরশীল। আয়ের উৎস জুমের ফসল। দেশে দেশে জুমচাষের পদ্ধতি ভিন্ন। ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে জুমচাষ হয়। বাংলাদেশ শুধু তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এ জুমচাষ করা হয়। বিশেষ করে পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মানুষ জুমচাষ করেন। রাঙামাটির বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তোলা।
