বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে মা সোনাই চাঁদ আউলিয়ার মন্দিরে অনুষ্ঠিত পূজাকে কেন্দ্র করে প্রতিবছর পৌষসংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় আড়াই শ বছর ধরে এই পূজা হচ্ছে। আনুমানিক ১৭৮০ সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রতিবছর পৌষসংক্রান্তির দিনে নবান্ন উৎসবের আয়োজন হয়ে আসছে। বাৎসরিক এই পূজাকে কেন্দ্র করেই শত বছরের বেশি সময় ধরে মেলা ও বেল (মার্বেল) উৎসব পালন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। এই মেলা এবং বেল উৎসবে যোগ দিতে আগৈলঝাড়া ইউনিয়নের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামসহ গৌরনদী, টরকি, রমজানপুর, কোটালিপাড়া, উজিরপুর, ডাসার, মাদারীপুর, কালকিনি, বানাড়িপারা থেকে বিভিন্ন বয়সের শিশু-কিশোর, যুবক-যুবতীরা উপস্থিত হন, মেতে ওঠেন মার্বেল নিয়ে আনন্দ–উৎসবে। মেতে ওঠেন ছুট, জোড়-বেজোড়সহ মার্বেলের নানা ধরনের খেলায়। ১৫ জানুয়ারি ছবিগুলো তোলা।
